Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়গাঁর হোটেলে ভুটানের ধর্মযাজকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিস

জয়গাঁর হোটেলে ভুটানের ধর্মযাজকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিস
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: জয়গাঁর একটি হোটেল থেকে ভুটানের এক বৌদ্ধ ধর্মযাজকের প্রথমে নিখোঁজ হয়ে যাওয়া ও পরে হোটেলের বেসমেন্টে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একইভাবে রহস্যও দানা বেঁধেছে। পুলিস জানিয়েছে, ভুটানের পুনাখা জেলার লিম্বুখা গ্রামের ওই বৌদ্ধ ধর্মযাজকের নাম দাওয়া নরবু (৪৫)। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভুটানের ওই বৌদ্ধ ধর্মযাজক সহ ছ’জনের একটি দল জয়গাঁর হোটেলটিতে ওঠে। ভুটান থেকে বাসে করে দলটি এসেছিল। বাসটি হোটেলের সামনেই রাখা ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টের সময় ওই বাসে করেই তাঁদের বুদ্ধগয়া রওনা হওয়ার কথা ছিল। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, সাড়ে ৪টেয় হোটেল থেকে বের হওয়ার সময় দাওয়া নরবু ভুল করে হোটেলের দ্বিতলে তাঁর পরিচয়পত্রটি ফেলে আসেন। পরিচয়পত্র আনতে তিনি ফের হোটেলের লিফ্টে ওঠেন। তারপর থেকেই তিনি নিখোঁজ হলে যান। তাঁর সঙ্গীরা এবং হোটেল কর্তৃপক্ষ হোটেলে তন্ন তন্ন করে খুঁজেও তাঁর হদিশ পায়নি। 
শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ ও নিখোঁজ ব্যক্তির সঙ্গীরা জয়গাঁ থানার পুলিসের দ্বারস্থ হন। খবর পেয়ে ভুটানের ফুন্টশোলিং থেকে আসে ওই দেশের পুলিস আধিকারিকরাও। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পেয়ে দু’দেশের পুলিস অবশেষে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখা শুরু করে। ক্যামেরায় দেখা যায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টের সময় দাওয়া নরবু অত্যন্ত তাড়াহুড়ো করে হোটেলের লিফ্টে উঠছেন। কিন্তু লিফ্টে উঠে তিনি ভুল করে দ্বিতীয় তলের বদলে তৃতীয় তলে উঠে যান। ধর্মযাজক নিজের এই ভুল বুঝতে পেরে ফের দ্বিতীয় তলে নামার চেষ্টা করেন। আর তখন থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। 
পুলিস সিসি ক্যামেরার ফুটেজে আরও দেখতে পায় ওই বৌদ্ধ ধর্মযাজক যখন নিখোঁজ হয়ে যান তখনও অনেক ব্যক্তি লিফ্ট দিয়ে হোটেলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় উঠানামা করছেন। ফলে এই ঘটনায় পুলিসও ধন্দে পড়ে যায়। নিখোঁজ ব্যক্তির হদিশ পেতে এরপর দু’দেশের পুলিস বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ হোটেলের বেসমেন্টে তল্লাশির সিদ্ধান্ত নেয়। পুলিস দেখতে পায় বেসমেন্টেই ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে আছে। 
কিন্তু কীভাবে তিনি বেসমেন্টে পড়ে গেলেন? পুলিসের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে ওই ব্যক্তি দ্বিতীয় তলের উপরে থাকা লিফ্টে অসাবধানতাবশত বাইরের গেট খুলে ফেলেন। তখনই সোজা লিফ্টের বেসমেন্টে শক অ্যাবজর্ভারে আছড়ে পড়েন তিনি। লিফ্টের শক অ্যাবজর্ভারে পড়ে থাকার জন্য লিফ্ট বার বার উঠা নামা করায় তাঁর মাথা থেঁতলে যায়। ময়নাতদন্তের জন্য পুলিস দেহটি কোচবিহার মেডিক্যালে পাঠিয়েছে। 
পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ওই হোটেলের লিফ্টও খতিয়ে দেখা হচ্ছে। লিফ্ট রক্ষণাবেক্ষণে গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ