সংবাদদাতা, লালবাগ: রবিবার রাতে জিয়াগঞ্জ থানার বেলিয়াপুকুরে ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম হিরু মণ্ডল (৩০)। সোমবার লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। স্থানীয় ও জিয়াগঞ্জ থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বিশেষ কাজকর্ম করত না। আর সেই নিয়ে রবিবার সকালে ওই যুবকের মা তাঁকে বকাবকি করে। রাতে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বাবা রবি মণ্ডল বলেন, রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে না খেয়েই নিজের ঘরে চলে যায়। সাড়ে ন'টা নাগাদ খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। জিয়াগঞ্জ থানার এক পুলিস আধিকারিক বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।



