সংবাদদাতা, লালবাগ: জিয়াগঞ্জ শ্মশানকালী মন্দিরে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে মন্দির থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বান্টি দাস, বিশ্বজিৎ বিশ্বাস ও আনসার শেখ। বান্টির বাড়ি জিয়াগঞ্জ থানার হঠাৎপাড়া সুকান্তপল্লি। বাকি দু’জনের বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়। ধৃতদের শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে জিয়াগঞ্জ ভট্টপাড়ার শ্মশানকালী মন্দিরে তালা ভেঙে চুরি হয়। শুক্রবার সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। দুষ্কৃতীরা দেবীর সোনার গয়না, পুজোর বাসনপত্র, সিলিং ফ্যান সহ সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার পুলিস তদন্তে নেমে শুক্রবার প্রথমে বান্টি দাস ও বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে।



