সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের সহযোগিতায় এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ব্লক প্রাঙ্গণে স্টল প্রদর্শনীর মাধ্যমে শিশুদিবস উদযাপন করা হল। অনুষ্ঠানে জয়েন্ট বিডিও ও ব্লকের বিভিন্ন আধিকারিকদের পাশাপাশি বরফখানা তিনকড়ি হাইস্কুল, গুধিয়া হাইস্কুল সহ ব্লকের একাধিক স্কুলের ছাত্রী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কিশোরীরা উপস্থিত ছিল। এখানে ছাত্রীরা শিশুদের প্রতি নির্যাতন বিষয়ক পোস্টার ও হাতের কাজ দিয়ে স্টলগুলিকে সাজিয়ে তোলে। ব্লক অফিস প্রাঙ্গণে উপস্থিত শতাধিক মানুষকে তারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাল্যবিবাহ, শিশু পাচার, শিশু শ্রমিক, শিশু নির্যাতন ও সাইবার ক্রাইম বিষয় নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। এছাড়াও কিশোরীরা তাদের স্থানীয় এলাকার সমস্যা আধিকারিকদের সামনে তুলে ধরে।



