সংবাদদাতা, লালবাগ: মৃত্যুর সঙ্গে টানা ১২ ঘণ্টা ধরে লড়াই করে অবশেষে হার মানল জিয়াগঞ্জের নেহালিয়ার যুবক রাকেশ দাস(৩২)। বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Advertisement
মাস দেড়েক আগে দুই ছেলেমেয়েকে রেখে ওই যুবকের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। স্ত্রী ফিরে না আসায় মানসিক অবসাদে ভুগছিলেন রাকেশবাবু। মঙ্গলবার সকালে দুই ছেলেমেয়েকে নিয়ে জিয়াগঞ্জ থানার পিছনে স্টিমারঘাট থেকে ভাগীরথীতে ঝাঁপ দেন। যদিও স্থানীয়দের তৎপরতায় তিনজনকেই উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক রাকেশবাবুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাতে রাজেশবাবুর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নদীতে ঝাঁপ দেওয়ার আগে ওই যুবক বিষ খেয়েছিল। বিষক্রিয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে দুই ছেলেমেয়ের অবস্থা স্থিতিশীল।



