নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠলেন আসানসোল ও দুর্গাপুরের বাসিন্দারা। বেশিরভাগ পুজোমণ্ডপেই দেখা যায়, এদিনই সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো একদিনেই হয়েছে। তাই সকাল থেকেই পুরোহিতদের মন্ত্রোচারণে বিভিন্ন মণ্ডপ সরগরম ছিল।এবার অনেক পুজো মণ্ডপে প্রণামী বাক্সে কিউআর কোড স্ক্যানার দেখা যায়। এনিয়ে ভক্তকূল বেশ উৎসাহী। তাঁরা জানালেন, এখন প্রণামী বাক্সে বেশিরভাগ মানুষ ১০-২০ টাকার নোট দেন। কিন্তু সেই নোট বাজারে যথেষ্ট কমে গিয়েছে। যে নোট মেলে তাও অনেকসময় ছেঁড়াফাটা, নোংরা থাকে। অনেকেই ভগবানের উদ্দেশে প্রণামীতে সেই নোট দিতে চান না। কিউআর কোড সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিচ্ছে। অনেকেই অনলাইনে প্রণামী দিচ্ছেন।
Advertisement
মিঠানির চট্টোপাধ্যায়দের বহু প্রাচীন জগদ্ধাত্রী পুজোয় গ্রামের মানুষের ভিড় দেখা গেল। সেখানেও প্রণামী বাক্সের সামনে বড় করে ঝুলছে কিউ আর কোড। গৃহকর্ত্রী অপর্ণা চট্টোপাধ্যায় বলেন, বহু মানুষের অনুরোধে প্রণামী দেওয়ার এই ব্যবস্থা চালু করেছি। নানা থিমের বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি শিল্পাঞ্চলের নানা প্রান্তে বহু পারিবারিক পুজোও হয়েছে। উৎসবের মরশুমের শেষ পুজোতেও তাই আনন্দ করল কচিকাঁচা থেকে বড়রা।



