Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রাজহাটিতে কুমারী কার্নিভালে উপচে পড়া ভিড়

জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রাজহাটিতে কুমারী কার্নিভালে উপচে পড়া ভিড়
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, (রাজহাটি) খানাকুল: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রবিবার কুমারী কার্নিভালে মাতলেন খানাকুলের রাজহাটির বাসিন্দারা। এদিন দুপুর থেকে রাজহাটিতে কার্নিভাল শুরু হয়। সুসজ্জিত গাড়িতে কুমারীকে বসিয়ে শোভাযাত্রা বের করেন পুজো উদ্যোক্তারা। সেই কার্নিভাল দেখতে বহু মানুষ ভিড় করেন। নিরাপত্তায় সেখানে ব্যাপক পুলিস মোতায়েনও করা হয়। পাশাপাশি এদিন রাজহাটির জগদ্ধাত্রী পুজোর জন্য গাইড ম্যাপও প্রকাশ করে পুলিস। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআই অরূপ ভৌমিক সহ অন্যান্য পুলিস আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
Advertisement
উল্লেখ্য, প্রায় ২৮ বছর ধরে রাজহাটিতে কুমারী কার্নিভাল হয়ে আসছে। বর্তমানে ১৪টি জগদ্ধাত্রী পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেয়। একটি সুসজ্জিত টোটোতে কুমারীকে বসিয়ে রাজহাটি এলাকা পরিক্রমা করা হয়। উদ্যোক্তাদের অনেকেই কার্নিভালে অংশ নেন। কার্নিভালে দেখা যায় নানা সমাজ সচেতনতামূলক থিম। প্লাস্টিক বর্জনের প্রচার চালিয়ে কার্নিভাল করা হয়। তারসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় মশারি ব্যবহার সহ জল জমা রুখতেও সচেতনতার বার্তা দেওয়া হয়। বিভিন্ন পুজো কমিটি কার্নিভালের মাঝেই রাস্তায় নৃত্যানুষ্ঠান করে। উঠে আসে আর জি কর ইস্যুও। 
রাজহাটি জগদ্ধাত্রী পুজোর সমন্বয় সমিতির সম্পাদক বাবলু মণ্ডল বলেন, এদিন সুষ্ঠুভাবেই কুমারী কার্নিভাল হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কার্নিভালের পর প্রতিমা দর্শনেও মানুষের ঢল নামে। পুলিস প্রশাসন সাহায্য করেছে। 
কুমারী কার্নিভাল ঘিরে আগে থেকেই খানাকুল থানার পুলিস সতর্ক ছিল। সেইজন্য রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। রাজহাটিগামী বিভিন্ন রাস্তায় গার্ড রেল দিয়ে যান নিয়ন্ত্রণ করা হয়। কার্নিভালের সময় ভারী যান চলাচলেও নিষেধাজ্ঞা রাখা হয়। এদিন ভীমতলা এলাকায় বিভিন্ন পুজো কমিটি তাদের কুমারীদের নিয়ে আসে। সেখানে বাদ্যযন্ত্র সহকারে নানা অনুষ্ঠান করা হয়। তারপর রাজহাটি বাজার এলাকা পরিক্রমা করে কার্নিভাল নিজেদের পুজো মণ্ডপে প্রবেশ করে। দিশারী-১ এর পল্লির কর্মকর্তা অমিত আঢ্য বলেন, কুমারী কার্নিভালে আমাদের থিম করা হয় ‘নারী শক্তি’। মেয়েরাই ওই নৃত্যানুষ্ঠান পরিচালনা করে। কার্নিভালের পর মণ্ডপ দেখতেও বহু মানুষ এসেছে। রাজহাটির সৃষ্টি ক্লাবের তরফে সন্দীপ সামন্ত বলেন, কুমারী কার্নিভাল ঘিরে এদিন বহু মানুষ ভিড় জমায়। তাদের অনুষ্ঠানও দেখানো হয়েছে। কার্নিভাল দেখতে আসা সুমন মাইতি বলেন, কুমারী কার্নিভাল খুব ভালো হয় বলে শুনেছিলাম। তাই এবার নিজের চোখে দেখতে এলাম। প্রত্যেকটি পুজো মণ্ডপে থিম ও প্রতিমা দর্শন করে তারপর বাড়ি ফিরব। 
(কার্নিভালের শোভাযাত্রা- নিজস্ব চিত্র)
সম্পর্কিত সংবাদ