Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়গাঁয় শিক্ষক খুনে কল লিস্টে নজর পুলিসের, ৭ বন্ধুকে টানা জিজ্ঞাসাবাদ

জয়গাঁয় শিক্ষক খুনে কল লিস্টে নজর পুলিসের, ৭ বন্ধুকে টানা জিজ্ঞাসাবাদ
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: যৌনাঙ্গ কেটে জয়গাঁর শিক্ষক শান্তাবীর তামাংকে খুনের কিনারা করতে সাতবন্ধুকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিস। শিক্ষককে সেদিন কারা কারা ফোন করেছিলেন, তা জানাতে চাইছে পুলিস। সেজন্য শান্তাবীরের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছেন কর্তারা। এই ঘটনার পিছনে নারীঘটিত কারণ রয়েছে কি না, সেই ভাবনাও ভাবাচ্ছে পুলিসকে। তার স্ত্রীই বা কেন মাস ছয়েক আগে ঘর ছে঩ড়ে বেরিয়ে গিয়েছিলেন সেটাও খতিয়ে দেখছে পুলিস। নৃশংসভাবে খুনের কায়দাও ভাবিয়ে তুলছে তাদের। যদিও খুনের ২৪ ঘণ্টা পরও কোনও সূত্রে পৌঁছতে পারেননি তদন্তকারীরা। 
Advertisement
শনিবার সকালে জয়গাঁর শুক্রাজোতে ওই শিক্ষকের যৌনাঙ্গ কাটা মৃতদেহ উদ্ধার হয়। তারপরই মৃতের ভাই হিরিং তামাংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিস মৃতের সাতবন্ধুকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু রবিবার পর্যন্ত কোন ক্লু মেলেনি। মৃতের কল লিস্ট খতিয়ে দেখার পাশাপাশি নেটওয়ার্ক ডাম্প পদ্ধতির সাহায্য নেবে পুলিস। মৃতদেহ পড়ে থাকার জায়গায় কতগুলি মোবাইল টাওয়ারের লোকেশন ছিল, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই তথ্য হাতে পেয়ে যাবে পুলিস। 
যৌনাঙ্গ কেটে খুনের মতো ঘটনায় বারবার নারীঘটিত বিষয়ের দিকটিও পুলিসি তদন্তে উঠে আসছে। তাই এই বিষয়টিও তদন্তকারীরা তালিকায় রেখেছেন। মৃতদেহ উদ্ধারের সময় কাটা যৌনাঙ্গ মুখে ঢোকানো ছিল। কোনও পুরনো রোষে এই কাজ করা হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিস। যদিও এই খুনের ঘটনায় ব্যবহৃত কোনও অস্ত্র পুলিস এখনও উদ্ধার করতে পারেনি। 
এই ব্যাপারে পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, আমরা তদন্তে জানতে পেরেছি, মৃত শিক্ষক ঋণের ভারে জর্জরিত ছিলেন। এফআইআরে নাম থাকা দু’জনকে শেষবারের মতো ওই শিক্ষকের সঙ্গে দেখা গিয়েছিল। আশা করছি, দ্রুত খুনের ঘটনার কিনারা করতে পারব। 
তবে স্থানীয়রা জানান, শিক্ষক হিসাবে ওই ব্যক্তির নামডাক ছিল। দিনের বেলা সবকিছু ঠিকঠাক থাকলেও, সন্ধ্যে নামার পর ওই শিক্ষক একেবারে অন্য মানুষ হয়ে যেতেন। চরস, গাঁজা এমনকি মদেও আসক্ত হয়ে পড়েন। সন্ধ্যের পর নিয়ম করে জুয়ার আসরেও চলে যাওয়ার নেশাও ছিল শিক্ষকের। মৃতের পরিবারের দাবি, দ্রুত খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।
সম্পর্কিত সংবাদ