নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুরের সোনার দোকানে লুটের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। বুধবার ঘটনাটি ঘটে। তদন্তে পুলিস জানতে পেরেছে, এই গোটা অপারেশনে চারজন ছিল। লুটপাট চালিয়েছে তিনজন এবং একজন দোকানের বাইরে নজর রাখছিল। পুলিস যাদের ছবি সংগ্রহ করতে পেরেছে, তা নিয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছে তারা। বিভিন্ন সূত্র মারফত তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, এই কাজ উস্তি অথবা ঢোলাহাটের কোনও অপরাধী গোষ্ঠীর। তার কারণ কয়েক মাস আগে, একই পদ্ধতিতে ওই দুই জায়গায় এমন ঘটনা ঘটেছে। অপরাধীরা এখন কোথায় গা ঢাকা দিয়ে আছে, সেটাই খুঁজে বের করা চ্যালেঞ্জ তদন্তকারীদের। আরও একটি বিষয় নিয়ে তদন্ত করছে পুলিস। সেটা হল দুষ্কৃতীদের কোনও লোক টিপ দিয়েছিল কি না? বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাঁদের মতো করে এই ব্যাপারটিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে দোকানের মালিক পুলিসকে জানিয়েছেন, তাঁর দোকান থেকে ১৭০ গ্রাম সোনা খোয়া গিয়েছে। যার বাজামূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল। পুলিস মোতায়েন না থাকলেও, এলাকায় একাধিকবার টহল দিয়েছে।



