ইতিহাস গড়লেন জেনিফার ব্যারেটো। মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল তাঁর মাথায়। ২৭ বছরের এই তরুণী ৭৫তম মিস ইউনিভার্স হলেন। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। ২০২৩ সালে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিবাহিতা এবং মায়েদের অংশগ্রহণের নিয়ম চালু করা হয়। প্রথমবার মা হিসাবে এই খেতাব জিতলেন জেনিফার। বর্তমানে বিশ্বের নেতাদের কাছে সবথেকে বেশি কী প্রয়োজন? ফাইনাল রাউন্ডে প্রতিযোগীদের এই প্রশ্ন করা হয়। জেনিফার বলেন, ‘পেশাগত ভাবে সহানুভূতিশীল নেতার প্রয়োজন। আমরা প্রায়শই অন্যদের বিচার করি। তাদের নানা কাজের জন্য প্রশ্ন তুলি। একজন নেতাও যদি সেই একই আচরণ করেন, তা গ্রহণযোগ্য নয়। নিজের আচরণের মাধ্যমে নেতার দৃষ্টান্ত স্থাপন করা দরকার।’ সাইকোলজি এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে জেনিফারের। শিশু সুরক্ষা, গার্হস্থ্য হিংসা ও আত্মহত্যা প্রতিরোধ নিয়ে বিশেষ পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে জেনিফার মার্কিন প্রতিরক্ষা দপ্তরে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কর্মরত। ২০০৬-এ পুয়ের্তো রিকোর জুলেকা রিভেরা জিতেছিলেন মিস ইউনিভার্স। ২০ বছর পর ঘরে ফিরল সেই খেতাব। ২০২৭ সালে ৭৬তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজক দেশ কোস্টারিকা।



