Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জিএনএলএফে ভাঙন, অনীতের দলে গাড়ি চালক সংগঠনের সভাপতি

জিএনএলএফে ভাঙন, অনীতের দলে গাড়ি চালক সংগঠনের সভাপতি
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ে ভাঙন ধরল জিএনএলএফে। তাদের গাড়ি চালক সংগঠনের সভাপতি সহ বেশ কয়েকজন শামিল হয়েছেন অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (বিজিপিএম)। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে পা রাখতেই বিষয়টি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন সদ্য জিএনএলএফ ত্যাগ করা নেতা-কর্মীরা। স্বাভাবিকভাবে পাহাড়ে বিজিপিএমের শক্তি আরও বাড়ল। যদিও বিজেপির শরিক জিএনএলএফ বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। 
Advertisement
পাহাড়ে জিএনএলএফের শাখা সংগঠনগুলির মধ্যে একতা চালক সংগঠন অন্যতম। রবিবার সংশ্লিষ্ট সংগঠনের প্রধান সাগর রাই সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের বন্ধু দল বিজিপিএমে শামিল হন। কার্শিয়াংয়ে অনীত থাপার হাত থেকে তাঁরা বিজিপিএমের পতাকা নেন। সোমবার মুখ্যমন্ত্রী পাহাড়ে পা রাখতেই সাগরবাবুরা বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। তাঁরা বলেন, পাহাড়ের উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, গাড়ি চালকদের স্বার্থ রক্ষার দাবিতেই বিজিপিএমে যোগ দিয়েছি। বিজিপিএমের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, আরও অনেকেই বিজিপিএমে আসবেন। 
জিএনএলএফ নেতা তথা দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা অবশ্য বলেন, ওই সংগঠন থেকে এক-দু’জন বেরিয়ে গিয়েছেন। এতে দলের বা সংগঠনের কোনও ক্ষতি হবে না। গাছ বড় হলে যেমন কিছু পাতা ঝড়ে পড়ে, এখানেও ঠিক সেই রকম ঘটেছে।
সম্পর্কিত সংবাদ