ব্রিসবেন: দেশকে ঐতিহাসিক বিশ্বকাপ জেতানোর পরও বিশ্রামের পথে হাঁটেননি জেমাইমা রডরিগেজ। অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন বিগ ব্যাশ লিগ খেলতে। কিন্তু ক্যাঙারুর দেশে পা রাখার আগে খুবই চিন্তায় ছিলেন ভারতীয় ব্যাটার। তাঁর আশঙ্কা, ‘অস্ট্রেলিয়ায় ঢুকতে পারব তো?’ আসলে রসিকতার ছলেই এমনটা বলেছেন ভারতের তারকা ব্যাটার। ব্রিসবেন হিটের হয়ে প্রথম ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সেই সাক্ষাৎকার রীতিমতো ভাইরাল। উল্লেখ্য, বিশ্বকাপের সেমি-ফাইনালে শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়েছিলেন জেমাইমাই। এবার ক্যাঙারুর দেশে গিয়ে তাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতেও ভুললেন না তিনি।
এদিকে, বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের কাণ্ডারি শেফালি ভার্মাও সম্প্রতি সাক্ষাত্কার দিয়েছেন সংবাদসংস্থাকে। সেখানে গত একবছরের লড়াই নিয়ে অকপট তিনি। খারাপ ফর্মের জন্য দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না শেফালি। এমনকি, বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন না। দুরন্ত ফর্মে থাকা প্রতীকা রাওয়াল চোট পেয়ে ছিটকে যাওয়ায় শেষ দু’ম্যাচের জন্য ভাগ্যের শিকে ছেঁড়ে। এই প্রসঙ্গে শেফালি বলছিলেন, ‘গত একবছর খুব কঠিন সময় কাটিয়েছি। তবে হার মানিনি। কঠোর পরিশ্রম করে গিয়েছি। দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, সুযোগ পেলেই তা কাজে লাগাব। শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় তা পেরেছি।’ উল্লেখ্য, সেমি-ফাইনালে সুবিধা করতে পারেননি এই মারকুটে ওপেনার। তবে খেতাবি লড়াইয়ে ৮৭ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেন তিনিই। ফাইনালের ইনিংস নিয়ে শেফালি বলছিলেন, ‘স্কোয়াডে যোগ দেওয়ার পর থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, দেশকে বিশ্বকাপ জেতাব। ফাইনালে শুরুর দিকে নার্ভাস লাগছিল। তারই মধ্যে নিজেকে শান্ত রেখে পরিকল্পনার সঠিক বাস্তবায়নে জোর দিই। তার সুফল মেলে হাতেনাতে।’