Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেএমবি জঙ্গি তারিকুলকে ফের হেফাজতে নিল বেঙ্গল এসটিএফ

জেএমবি জঙ্গি তারিকুলকে ফের হেফাজতে নিল বেঙ্গল এসটিএফ
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে ফের হেফাজতে নিল বেঙ্গল এসটিএফ। সোমবার বহরমপুর আদালতে তারিকুলকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হলে, বিচারক তা মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, তারিকুলের তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর কড়া পুলিসি পাহারায় তাকে কলকাতায় এসটিএফ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জেরা করা হবে। উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর মাসে খাগড়াগড়ে বিস্ফোরণের পর পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত জেএমবি জঙ্গি তারিকুল। তবে, ওই ঘটনার তিনমাস পরেই অসমের বাসিন্দা তথা আনসারুল্লা বাংলা টিমের সদস্য নুর ইসলামের সঙ্গে যোগাযোগ শুরু করে সে। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় ২০১৫ সালে এনআইএ তারিকুলকে গ্রেপ্তার করে। বিচারপর্ব শেষে তার ১০ বছরের সাজা হয়। জেলে থাকাকালীন কয়েকজনের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখত। তাদের মধ্যে অন্যতম এই নুর। সে জেলবন্দি তরিকুলের সাহায্য নিয়েই এই রাজ্যে একাধিক লিঙ্কম্যান বানিয়ে ফেলেছিল। এবিটি জঙ্গি নুর ইসলাম একাধিকবার অসম থেকে বাংলায় এসেছে। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দিনের পর দিন সংগঠন বিস্তারের কাজ করেছে সে। বহরমপুর জেলে বসেই তাকে সাহায্য করে জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম। 
Advertisement
গত বছরের ডিসেম্বর মাসে বেঙ্গল এসটিএফ নওদা থেকে এবিটি জঙ্গি সাজিবুল ইসলাম ও মোস্তাকিম শেখকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে খাগরাগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত জেলবন্দি তারিকুলের যোগসূত্র পায়। সেসময় তারিকুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। গত জানুয়ারি মাসে সাতদিনের এসটিএফ হেফাজত শেষ করে তদন্তকারী আধিকারিকরা তারিকুলকে ফের বহরমপুর আদালতে পেশ করে। বিচারক তার পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেন। অসম এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া নুরসহ চার জঙ্গিকে গত ৭ ফেব্রুয়ারি নিজেদের হেফাজতে নেয় বেঙ্গল এসটিএফ। তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। এবার তারিকুলের সামনে বসিয়ে তাদের জেরা করতে চাইছে এসটিএফ আধিকারিকরা। তাই পুনরায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এর ফলে একাধিক নতুন তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। বহরমপুর আদালতের সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, জেলবন্দি তারিকুলকে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ২০ ফেব্রুয়ারি  তাকে ফের আদালতে তোলা হবে। ওইদিনই এবিটির ধৃত চার জঙ্গিকে হেফাজত শেষে আদালতে তোলা হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ