Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জুবুটিয়া ব্যাঙ্ক মোড় থেকে পীরতলা পর্যন্ত রাস্তা বেহাল, সংস্কারের দাবি

জুবুটিয়া ব্যাঙ্ক মোড় থেকে পীরতলা পর্যন্ত রাস্তা বেহাল, সংস্কারের দাবি
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: লাভপুর ব্লকের জামনা পঞ্চায়েতের জুবুটিয়া ব্যাঙ্ক মোড় থেকে পীরতলা পর্যন্ত রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরেই এই ন’কিমি রাস্তা সংস্কার করা হয়নি বলে অভিযোগ। তারফলে প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার ২১টি গ্রামের লোকজনকে। এই রাস্তাটি গিয়ে মিশছে বাদশাহি রোডে, যাতে খুব সহজেই পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা সহ বিভিন্ন জায়গায় যাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট পঞ্চায়েত, পূর্ত দপ্তর ও ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা হয়নি।
Advertisement
লাভপুরের জামনা পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি গত প্রায় দু’ই বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। রাস্তাটির অধিকাংশ জায়গায় খানাখন্দে ভর্তি। বিভিন্ন জায়গায় পিচ উঠে পাথর বেরিয়ে রয়েছে। তারফলে পথচারী থেকে শুরু করে বাইক ও গাড়ি আরোহীরা অত্যন্ত দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন। দিনের বেলা কোনওভাবে রাস্তার ভাঙা অংশ ও গর্ত পাশ কাটিয়ে পেরিয়ে যাওয়া যায়। কিন্তু রাতে রাস্তায় আলো না থাকার কারণে এই পথে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সব থেকে বেশি সমস্যা হয় বর্ষাকালে বা বৃষ্টি হলে। সম্পূর্ণ পথ জলের তলায় চলে যাওয়ায় কোথায় রাস্তা ও কোথায় গর্ত রয়েছে তা বোঝা যায় না। যার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন যাতায়াতকারীরা। 
এই রাস্তার উপর রয়েছে আলিগ্রাম, কেমপুর, ব্রাহ্মণডিহি, মামুদপুর, হরানপুর, গোপীনাথপুর, ধ্রুববাটি, জামনা, নন্দনপুর, বগতোড় সহ একাধিক গ্রাম। এছাড়াও এই পথে রয়েছে জামনা ধ্রুববাটি নীলরতন উচ্চ বিদ্যালয় ও জামনা ধ্রুববাটি বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়। পাশাপাশি রয়েছে প্রাথমিক বিদ্যালয়। সেখানকার পড়ুয়াদের ঝুঁকি নিয়েই এই পথে যাতায়াত করতে হয়। একইভাবে এই এলাকায় রামকৃষ্ণপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে। গ্রামবাসীদের প্রাথমিক চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় বেহাল রাস্তা দিয়েই। তাই স্থানীয় মানুষজন চাইছেন দ্রুত সংস্কার করা হোক রাস্তাটি। তাঁদের অভিযোগ, রাস্তা মেরামতির দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে দরবার করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা রাজু ভাণ্ডারী, চিন্ময় লাহা, অষ্টম ঘোষ, সন্তোষ মণ্ডল বলেন, জীবিকার জন্য ও বাড়ির ছোটদের পড়াশোনার জন্য বিপজ্জনক রাস্তাটি ব্যবহার করতে হয়। এই পথে ভারী যানবাহনও যাতায়াত করে। যেকোনও সময়ই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই আমরা চাই, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, বর্ষার জন্য সংস্কার সম্ভব হয়নি। ব্যাপারটি নিয়ে পূর্তদপ্তরের সঙ্গে কথা বলে অতি সত্ত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ