অধিকৃত কাশ্মীরে পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ে নামছে জানবাজ ফোর্স, সশস্ত্র বিদ্রোহের হুঁশিয়ারি জঙ্গি নেতার
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ছ’মাস ধরে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)। পাক সেনার দমনপীড়নের বিরুদ্ধে ফুঁসছেন সেখানকার বাসিন্দারা। তাঁদের এবার রক্ষা করতে সশস্ত্র বিদ্রোহের ডাক দিলেন পাক সেনার প্রাক্তন সদস্য তথা জঙ্গি নেতা শাহজাদ খান ওরফে গাজি শাহজাদ।  পিওকে-তে আন্দোলকারী সংগঠন আওয়ামি অ্যাকশন কমিটির (এএসি) সঙ্গে মধ্যস্থতা করতে রাওয়ালকোটে বৈঠকে বসেছে জয়েশ-ই-মহম্মদের কমান্ডাররা।  রবিবার ছিল আন্দোলনের ১৭২তম দিন। এরইমধ্যে এদিন পাক সেনার এয়ার ডিফেন্স ইউনিটের প্রাক্তন হাবিলদার শাহজাদ হুমকি দিয়ে বলেন, ‘অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর রীতিমতো বলপ্রয়োগ চলছে। সেনার দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন করলেই গুলি করে হত্যা নয়তো গুম করা হচ্ছে। এবার বিক্ষোভকারীদের রক্ষা করতে ময়দানে নামছে জানবাজ ফোর্স।’ 

Advertisement

শাহবাজের সঙ্গে পাক সেনা, আইএসআই ও জঙ্গি  সংগঠনের গভীর সম্পর্ক রয়েছে। ২০০০ সালে প্রাক্তন পাক প্রেসিডেন্ট তথা সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফের থেকে ‘ইমতিয়াজ সনদ’ পেয়েছিলেন তিনি। ২০০১ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে লস্কর-ই-তোইবাতে যোগ দেন এবং অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন। ২০০৭ সালে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার হাতে ধরা পড়ে যান। তারপর দীর্ঘদিন জেলে ছিলেন। পরে মুক্তি পেয়ে পিওকে-তে লস্করের হয়ে ভোটের প্রার্থী হলেও হেরে যান। ২০২৩ সালে তেহরিক-ই-তাজফুজ নামে জঙ্গি সংগঠন তৈরি করেন শাহজাদ। এই সংগঠনেরই সশস্ত্র শাখা হল জানবাজ ফোর্স। অপরদিকে অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ সামাল দিতে রাওয়ালাকোটে ঘাঁটি গেড়েছে জয়েশ নেতারা। সংগঠনের মাথা মাসুদ আজহার, সিন্ধ প্রদেশের প্রধান আবদুল্লা সইদ শাহ ওরফে মাজহার এবং পিওকে-র মাসুদ ইলিয়াস কাশ্মীরি ওই বৈঠকে যোগ দেয়। রাওয়ালাকোটের একটি অতিথিশালায় বিক্ষোভকারী নেতা উমর নাজিরের সঙ্গে ওই বৈঠক হয়। অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে, তার প্রমাণও মিলেছে প্রশাসনের এক জরুরি নির্দেশিকায়। নিরাপত্তার অবনতির কারণ দেখিয়ে পিওকের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসকদের দ্রুত রাওয়ালকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।