Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

জানা অজানা: রাঢ় বাংলার রণপা

লোকনৃত্যের কাজে কিছু কিছু জনগোষ্ঠী রণপা ব্যবহার করে থাকে। একে ‘যুদ্ধ নৃত্য’ বা ‘গোষ্ঠী নৃত্য’ নামে অভিহিত করা হয়।

জানা  অজানা: রাঢ় বাংলার রণপা
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০

বাংলার ডাকাতদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রণপা-এ ভর দিয়ে হাঁটছে একদল মানুষ। এখনও লোকনৃত্যে রণপার ব্যবহার দেখা যায়। কীভাবে এল রণপা, জানালেন অরিন্দম ঘোষ

Advertisement

রণপা নামটা অনেকেই শুনেছ, কিন্তু কখনও চাক্ষুষ দেখা হয়নি। খুব উঁচু লাঠি, যার ওপর হাতল লাগানো থাকে— তাকেই বলে রণপা। এই রণপার সাহায্যে মাটি থেকে অনেক ওপরে হাঁটা যায়। ইংরেজি ভাষায় রণপাকে বলা হয় Stilts। একটা সময় ছিল, যখন দ্রুতগামী গাড়ির প্রচলন হয়নি। ঘোড়া চড়ার সামর্থ্যও অনেকের ছিল না। সেই সময় তাই যোগাযোগ ব্যবস্থার বিকল্প ছিল এই রণপা।
রণপার প্রচলন ঠিক কবে শুরু হয়েছিল সে কথা বলা খুব মুশকিল । তবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে এর প্রচলন ছিল বলে জানা যায়। গবাদি পশুর পালের ওপর নজর রাখতে রাখালরা এটা ব্যবহার করতেন। কারণ এই রণপার ওপর দাঁড়িয়ে বহুদূর থেকে গবাদি পশুর তত্ত্বাবধান তাঁরা খুব সহজেই করতে পারতেন।
ব্যবহারিক প্রয়োজন থেকেই রণপার উৎপত্তি বলে মনে করা হয়ে থাকে। অতীতকালে যখন বর্ষাকালে নদী-খাল-বিল, নিচু অঞ্চল, গ্রাম্য পথঘাট প্লাবিত হয়ে যেত, তখন গ্রামের মানুষ এই ধরনের লম্বা খুঁটি ব্যবহার করে হাঁটাচলায় স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কারণ এইরকম প্রতিকূল পরিস্থিতিতে রণপা ব্যবহার করলে তাঁদের যাতায়াতের পথ অনেকটাই সুগম হয়ে উঠত। চলাফেরাও অনেকটা সহজ হয়ে যেত। উঁচু দালান নির্মাণের কাজেও তখন রণপা ব্যবহৃত হতো।
ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় যে, ষোড়শ ও সপ্তদশ শতকে রাঢ় বাংলায় ডাকাতরা রণপায় চড়ে  খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে এক এলাকা থেকে অন্য এলাকায় ডাকাতি করতে যেত। এর আরও একটা সুবিধা ছিল। মাটির রাস্তা ধরে হাঁটার সময় কোনওরকম আওয়াজ হতো না। ফলে পুলিশের গ্রেপ্তারি এড়িয়ে ডাকাতি করে এসে তারা আবার ঘন জঙ্গলে আত্মগোপন করতে পারত। কী ছোট্ট বন্ধুরা, অবাক লাগছে তো? ব্রিটিশ রাজত্বে তরুণ বিপ্লবীরাও এই রণপার সাহায্যে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিতেন। এইভাবেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে পুলিশের চোখে ধুলো দিয়ে তাঁরা নিজেদের মধ্যে খবর চালাচালি করতেন। এখন এই রণপার ব্যবহার প্রায় নেই বললেই চলে। তবে বর্তমানে সার্কাসে কিছু কিছু খেলা প্রদর্শনের সময় রণপার ব্যবহার লক্ষ করা যায়। এছাড়াও অন্যান্য বিনোদনের মাধ্যম হিসেবে এর প্রচলন অল্প হলেও রয়েছে। ভারতীয় উপমহাদেশে লোকনৃত্যের কাজে কিছু কিছু জনগোষ্ঠী রণপা ব্যবহার করে থাকে। লোক গবেষকরা একে ‘যুদ্ধ নৃত্য’  বা  ‘গোষ্ঠী নৃত্য’ নামে অভিহিত করে থাকেন।
রণপার কথা বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা তাদের পাঠ্যবইতে পড়ে থাকে। এই রণপা সম্পর্কিত ছেলেবেলার স্মৃতি বিজড়িত নানা গল্পকাহিনি ও ঘটনার কথা এখনও অনেক বর্ষীয়ান লেখকের স্মৃতি থেকে জানা যায়। আবহমান কাল ধরে বাঙালির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী রণপা কি এই উত্তর-আধুনিক যুগে চিরতরে বিলীন হয়ে যাবে?
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

সম্পর্কিত সংবাদ