নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার ডুরান্ড কাপের শেষ আটের ম্যাচে নামবে জামশেদপুর এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপ্রক্ষ মোহন বাগান। তার আগে ইস্পাত নগরীর দলে এল স্বস্তির খবর। মাত্র ১০০ টাকার বিনিময়ে জামশেদপুর এফসি’র আইএসএল খেলার লাইসেন্স এখন চার্চিল ব্রাদার্সের হাতে। তবে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হতে সপ্তাহ দুয়েক সময় লাগবে। তাই আগামী সেপ্টেম্বর থেকে জামশেদপুর এফসি’র দুই কোচ এবং চুক্তিবদ্ধ ১২ জন ফুটবলারের দায়িত্ব গোয়ার দলটির অধীনে। ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটাও অনেকটাই কেটে গেল। শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করে জামশেদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, সিনিয়র দল নিয়ে তারা আর কাজ না করলেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকবে।
কয়েকদিনে আগেই বিনা মেঘে বজ্রপাতের মতো আইএসএল থেকে দল প্রত্যাহার করে নেয় জামশেদপুর এফসি। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফেডারেশনের তরফেও আবেদন জানানো হয়েছিল। সিদ্ধান্ত জানানোর জন্য দিল্লির ফুটবল হাউস ১২ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল। ইস্পাত নগরীর ফুটবলপ্রেমীরা দল বাঁচানোর দাবিতে রাস্তায় নামেন। তারমধ্যেই ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত। উল্লেখ্য, আইএসএলে অংশগ্রহণের জন্য প্রথম কিস্তির টাকা জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ৩১ জুলাই। তবে চার্চিল ব্রাদার্স জামশেদপুরের দায়িত্ব নিয়ে আইএসএলে খেলার আগ্রহ প্রকাশ করায় কিছুটা স্বস্তিতে ফেডারেশন। আগামী মরশুমে আইএসএলে জামশেদপুরের লাইসেন্সের মাধ্যমেই জায়গা করে নেবে গোয়ার চার্চিল ব্রাদার্স। এদিন চার্চিলের কর্ণধার আলেমাও চার্চিল বলেন, ‘টুর্নামেন্টের জন্য আমরা শক্তিশালী দল গঠন করব। তবে গোয়ার ফুটবলাররা অবশ্যই অগ্রাধিকার পাবে।’