সংবাদদাতা, রামপুরহাট: ছটপুজো শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে জামালপুর ও হাওড়ার মধ্যে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। ট্রেনটিতে যাত্রীদের বিপুল চাহিদা এবং ভাল ভিড়ের কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার (গুরু নানক জয়ন্তী) পর্যন্ত এই বিশেষ পরিষেবা চালানো হবে। পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানানো হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে ট্রেনটির যাত্রাপথে নয়া তিনটি স্টপেজও যুক্ত হয়েছে।
০৩০২৪ জামালপুর-হাওড়া একমুখী অসংরক্ষিত স্পেশাল ট্রেনটি প্রথমে সোম ও মঙ্গলবার চলাচল করবে বলে জানানো হয়েছিল। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জামালপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে পরদিন ভোর ৫টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাচ্ছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, তা বাড়িয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত করা হয়েছে। বর্ধিত এই সময়ে ট্রেনটি সাবৌর স্টেশন ছাড়ার পর অতিরিক্ত তিনটি স্টেশনে ঘোগা, একচারি এবং শিবনারায়ণপুর স্টেশনে দাঁড়াবে। এছাড়া যাত্রাপথের পূর্ব নির্ধারিত অন্যান্য স্টপেজগুলি অপরিবর্তিত থাকছে। এছাড়া বারিয়ারপুর, সুলতানগঞ্জ, আকবরনগর, ভাগলপুর, সাবৌর, কাহালগাঁও, পিরপৈন্তি, মির্জাচৌকি, সাহেবগঞ্জ, তিনপাহাড়, বড়হাড়োয়া, পাকুড়, মুরারই, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, বোলপুর, বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে থামছে।
সম্পূর্ণ অসংরক্ষিত কামরা থাকায় যাত্রীরা স্টেশন কাউন্টার থেকে জেনারেল টিকিট কেটেই এই ট্রেনে সফর করতে পারবেন। উৎসবের মরশুমে রেলের এই পদক্ষেপে বিহার ও পশ্চিমবঙ্গের বহু নিত্যযাত্রী এবং সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করছে রেল।



