Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিদর্শনের ছ’মাস পরও সুরাহা হয়নি জলপাইগুড়ির যানজট, পার্কিং সমস্যার

শহরের যানজট ও পার্কিং সমস্যা মেটাতে গত বছর ডিসেম্বরে পুলিস ও প্রশাসনের সঙ্গে যৌথ পরিদর্শন করে জলপাইগুড়ি পুরসভা।

পরিদর্শনের ছ’মাস পরও সুরাহা হয়নি জলপাইগুড়ির যানজট, পার্কিং সমস্যার
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরের যানজট ও পার্কিং সমস্যা মেটাতে গত বছর ডিসেম্বরে পুলিস ও প্রশাসনের সঙ্গে যৌথ পরিদর্শন করে জলপাইগুড়ি পুরসভা। কিন্তু তারপর ছ’মাস পেরিয়ে গেলেও শহরের এই জ্বলন্ত দুই সমস্যার সুরাহা হয়নি। নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। প্রশাসন সূত্রে খবর, যৌথ পরিদর্শনের পর জলপাইগুড়ি শহরের যানজট ও পার্কিং সমস্যার সমাধানে পুরসভাকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। কিন্তু পুরসভা সমাধানের বিষয়ে প্রশাসনকে কিছু জানায়নি। এই পরিস্থিতিতে শহরের যানজট ও পার্কিং নিয়ে পুরসভার পরিকল্পনা কী, তা জানতে চাইলেন সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। 

Advertisement

রবিবার এসডিও বলেন, গত ডিসেম্বরে শহরের প্রাণকেন্দ্র কদমতলার যানজট ও পার্কিং সমস্যা সমাধানে যৌথ পরিদর্শন করি। সেখানে ট্রাফিক পুলিস ও পুরসভার অধিকারিকরা ছিলেন। পুরসভা বিষয়টি নিয়ে কী ভাবছে জানাতে বলা হয়েছিল। সেটাই সম্প্রতি রোড সেফটির বৈঠকে পুরসভার প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছে। 
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, শহরের যানজট সমস্যার সমাধানে টোটো নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করে পেইড পার্কিং চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। নানা কারণে এখনও কার্যকর করা যায়নি। বিষয়টি নিয়ে পুলিস ও প্রশাসনের সঙ্গে আলোচনায় বসব। 
শহরবাসীর অবশ্য বক্তব্য, মাঝে এক-দু’দিন ঢাকঢোল পিটিয়ে মার্চেন্ট রোড, দিনবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছিল পুরসভা। কিন্তু দু’দিন যেতে না যেতেই আগের মতোই ফুটপাতে দিব্যি দোকান বসছে। পুরসভার তরফে টোটোর রেজিস্ট্রেশনের কথা বলে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বাইরের টোটো শহরে ঢুকতে পারবে না। কোথায় কী! কদমতলায় রাস্তার উপর এবং ফুটপাতে কয়েকশো বাইক দাঁড় করানো থাকে। শপিং মল, রেস্টুরেন্টগুলির সামনেও যানজটে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়।
এসডিও বলেন, কদমতলা এলাকায় সন্ধ্যার পর যে পরিস্থিতি হয়, সত্যিই তার সুরাহা হওয়া দরকার। এব্যাপারে পুরসভাকেই সিদ্ধান্ত নিতে হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ