Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ি: সামাজিক সুরক্ষা প্রকল্পে ৪ লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত, ৭৬ কোটি টাকার বেনিফিট

রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় জলপাইগুড়ি জেলায় প্রায় চার লক্ষ অসংগঠিত শ্রমিক নাম নথিভুক্ত করিয়েছেন।

জলপাইগুড়ি: সামাজিক সুরক্ষা প্রকল্পে ৪ লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত, ৭৬ কোটি টাকার বেনিফিট
  • ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় জলপাইগুড়ি জেলায় প্রায় চার লক্ষ অসংগঠিত শ্রমিক নাম নথিভুক্ত করিয়েছেন। এর মধ্যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন আনুমানিক দেড় লক্ষ শ্রমিক। প্রকল্পের বেনিফিট হিসেবে এখনও পর্যন্ত শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় খরচ করা হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। 

Advertisement

প্রকল্পে নির্মাণ শ্রমিকদের পাশাপাশি পরিবহণ শ্রমিকদের নাম নথিভুক্তকরণে জোর দিয়েছে শ্রমদপ্তর। রাজ্যে এখনও পর্যন্ত চার লক্ষের বেশি পরিবহণ শ্রমিক বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম লিখিয়েছেন। এর মধ্যে ৯০ হাজারেরও বেশি পরিবহণ শ্রমিককে প্রায় ১০৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমদপ্তরের। পাশাপাশি, রাজ্যে বর্তমানে ৭ হাজার ২৬৬ জন পরিবহণ শ্রমিক এই প্রকল্পে পেনশন পাচ্ছেন। সামাজিক সুরক্ষা প্রকল্পে শুধুমাত্র পরিবহণ শ্রমিকদের পেনশন খাতে রাজ্য এপর্যন্ত ৫৪ কোটি টাকা খরচ করেছে বলে শ্রমদপ্তর সূত্রে খবর। একইসঙ্গে জোর দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণে। জলপাইগুড়ি জেলায় এপর্যন্ত ৩০ হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে শ্রমদপ্তরে। জলপাইগুড়ি জেলায় ক্যাম্পের পাশাপাশি বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ৩ লক্ষ ৮০ হাজার শ্রমিক নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন সহকারী শ্রম কমিশনার শুভদীপ সেনগুপ্ত। তিনি বলেন, জেলায় ১ লক্ষ ৪৭ হাজার শ্রমিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রকল্পের বেনিফিট হিসেবে জেলায় এপর্যন্ত খরচ করা হয়েছে ৭৫ কোটি ৯০ লক্ষ ৩৭ হাজার টাকা। শ্রমদপ্তর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত সামাজিক সুরক্ষা যোজনায় নাম লিখিয়েছেন চার লক্ষেরও বেশি পরিবহণ শ্রমিক। এর মধ্যে ৯১ হাজার ১৮৫ জনকে ১০৫ কোটির বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জলপাইগুড়ির ডেপুটি শ্রম কমিশনার শুভাগত গুপ্ত বলেন, জলপাইগুড়ি জেলায় ৩০ হাজার পরিযায়ী শ্রমিক তাঁদের নাম নথিভুক্ত করিয়েছেন। 
সোমবার জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ডে শ্রমদপ্তরের উদ্যোগে ক্যাম্প করা হয়। সেখানে পাঁচশোরও বেশি পরিবহণ শ্রমিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম লেখান। এদিনের হিসেব বাদ দিলে জেলায় ৪ হাজার ৪৩৯ জন পরিবহণ শ্রমিক এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন। শ্রম আধিকারিকদের দাবি, এই প্রকল্পে নাম লেখালে কোনও টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় না। শ্রমিকের ভাগের টাকাও দিয়ে দিচ্ছে রাজ্য। প্রতিমাসে খাতায় ৫৫ টাকা করে জমা পড়বে। শ্রমিককের বয়স ৬০ বছর হয়ে গেলে সুদ সহ সেই টাকা ফেরত পাবেন তিনি। সঙ্গে ফি মাসে দেড় হাজার টাকা করে মিলবে পেনশন। স্বাভাবিকভাবে বা দুর্ঘটনায় মৃত্যু হলে এককালীন টাকা পাবে পরিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ