নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রামনবমীর শোভাযাত্রায় যোগ দেওয়া ক্লান্ত, তৃষ্ণার্ত মানুষদের দিকে সরবতের গ্লাস বাড়িয়ে দিলেন আসিফ, হামিদ, সাব্বিররা। রামনবমীকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিংসা-হানাহানির মধ্যে ভিন্ন ছবি ধরা পড়ল পুরুলিয়ার বলরামপুরে। রামভক্তদের সরবত খাইয়ে গলা জড়িয়ে আপ্যায়ন করল মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
রবিবার রামনবমী উপলক্ষ্যে বলরামপুর শহরের স্টেশন রোড থেকে শোভাযাত্রা বের হয়। বামারমপুর-বাঘমুন্ডি রোডের উপর তৃণমূলের পার্টি অফিসের কাছে রামভক্তদের জন্য জল, সরবত, ছোলার বন্দোবস্ত করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। মূল উদ্যোক্তা ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রফিক আনসারি। রফিক বলছিলেন, বলরামপুরে আমরা সবাই একসঙ্গে বড় হয়েছি। আমরা সবাই এক। শরীরে একই রক্ত বইছে। হিন্দু ভাইবোন ঈদে আমাদের বাড়িতে এসে লাচ্ছা খেয়ে যায়। আমরাও বিজয়া দশমীতে নাড়ু খেতে যাই। তাঁর সংযোজন, গরমে অনেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁদের জলযোগের বন্দোবস্ত করা হয়।
আসিফ, হামিদদের হাত থেকে জলের বোতল নিয়ে প্রসেনজিৎ, বিপ্লবরা বলছিলেন, আমরা এই বাংলাকেই দেখতে চাই আজীবন। মুসলিম সম্প্রদায়ের মানুষরা জল দিয়ে হিন্দুদের তৃষ্ণা মেটাচ্ছে, এর থেকে ভালো দৃশ্য আর কী হতে পারে? বাংলায় এই সম্প্রীতি বজায় থাকুক। শহরের শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দাদেরও দাবি, কোনও একটি ধর্ম ‘বিপদে’ রয়েছে বলে সেই সম্প্রদায়ের মানুষকে তাতানো হচ্ছে। কিন্তু এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ধর্মের জিগির তুলে সম্প্রীতির চারণভূমি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে একশ্রেণির ‘উগ্র’ রাজনীতিবিদ। এর বিরুদ্ধে কাঁধে কাঁধ রেখে রুখে দাঁড়াতে হবে সবাইকে। ছড়িয়ে দিতে হবে সম্প্রীতির বার্তা।