নয়াদিল্লি: লালকেল্লা চত্বরে সাম্প্রতিক জঙ্গি হামলায় মহিলাদের যোগসাজশ নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশে। জয়েশ-ই-মহম্মদের সেই হামলায় একসঙ্গে এতজন মহিলার যোগ নড়িয়ে দিয়েছিল জঙ্গিদের নিয়ে চিরাচরিত ধারণা। তবে রিপোর্ট বলছে, আর কেবল পুরুষ ও মহিলাদের নিয়ে ‘হাইব্রিড’ বাহিনীতেই সীমাবদ্ধ নেই পাকিস্তানের এই জঙ্গি সংগঠন। তলে তলে তারা কেবল মহিলাদের নিয়েই শাখা তৈরির তোড়জোড় শুরু করেছে। তবে এই প্রথম লালকেল্লা চত্বরে হামলার পিছনে ভারতের দাবি আন্তর্জাতিক স্তরে মান্যতা পেল। এতদিন লালকেল্লা চত্বরে গাড়ি হামলার পিছনে পাক জঙ্গি সংগঠন জয়েশকেই দায়ী করেছিল ভারত। এবার রাষ্ট্রসংঘের রিপোর্টেও সেই দাবি মেনে নেওয়া হল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের অ্যানালিটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাংকসন মনিটরিং টিমের সাম্প্রতিকতম রিপোর্টে লালকেল্লা চত্বর সহ একাধিক জঙ্গি হামলায় জয়েশের যোগসাজশের উল্লেখ রয়েছে। উল্লেখ্য, ৯ নভেম্বর সেই হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছিল।



