সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভারত-ভুটান সীমান্তে জয়গাঁ শহরের মহাত্মা গান্ধী রোডের ক্ষতবিক্ষত এক কিলোমিটার রাস্তার মেরামতে ৩ কোটি ৯২ লক্ষ টাকার টেন্ডার ডাকল পূর্তদপ্তর। বৃহস্পতিবার জয়গাঁয় সাংবাদিক বৈঠক করে একথা জানান জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির (জেডিএ) চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা।
গত বছর ভুটানের হরপা বানে ও ডলোমাইট পড়ে জয়গাঁর লাইফ লাইন মহাত্মা গান্ধী রোডের ওই এক কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে হরপা বানে বিশাল বিশাল গর্ত তৈরি হয় সেখানে। ওই রাস্তা ধরেই ভুটানের ফুন্টশোলিং যেতে হয়। দেশবিদেশের পর্যটকরা সড়কপথে ভুটান যাওয়ার সময় ওই রাস্তার এই বেহাল দশা দেখে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন এতদিন। সমস্যায় পড়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। ওই রাস্তা মেরামতে অর্থ বরাদ্দের জন্য জেডিএর চেয়ারম্যান সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পোকে নিয়ে কলকাতায় গিয়ে পূর্তমন্ত্রীর সঙ্গে দেখাও করেন তিনি। তারপরেই রাজ্য থেকে এই অর্থ বরাদ্দ করা হয়।
জেডিএর চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ বলেন, আন্তর্জাতিক সীমান্তে জয়গাঁর এই রাস্তার গুরুত্ব অপরিসীম। জয়গাঁয় এই রাস্তা ধরেই পর্যটকরা সড়কপথে ভুটানে যায়। সেকথা ভেবেই ওই রাস্তার বেহাল এক কিমি রাস্তা দ্রুত মেরামতের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী ও পূর্তদপ্তরকে ধন্যাবাদ ওই রাস্তা মেরামতের জন্য ৩ কোটি ৯২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ত দপ্তর মঙ্গলবার টেন্ডারও ডেকেছে।