নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ থেকে অপসারিত হলেন জাহাঙ্গির খান। গত বিধানসভা নির্বাচনের কিছুদিন পর থেকে তিনি জেলবন্দি। তাঁকে ওই পদ থেকে সরাতে জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। মঙ্গলবার সর্বসম্মতভাবে তাঁকে কর্মাধ্যক্ষের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। নতুন করে পূর্ত কর্মাধ্যক্ষের পদে কে বসবেন, তা অবশ্য এদিন ঠিক হয়নি। জানা গিয়েছে, ভোটের অনেক আগে থেকেই জেলা পরিষদে আসা কমিয়ে দিয়েছিলেন জাহাঙ্গির। শেষদিকে আসা তো কার্যত বন্ধই করে দিয়েছিলেন। পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে কাজকর্মও তেমন করতেন না। পালাবদলের পর সব হিসাব ঘুরে যায়। স্বঘোষিত পুষ্পা শেষমেশ শুধু ঝুঁকেই যাননি, একাধিক মামলায় তিনি এখন হাজতবাসে। তিনি জেলে থাকায় পূর্ত কর্মাধ্যক্ষের কাজ দেখার কেউ ছিলেন না। নিয়ম অনুযায়ী যতক্ষণ না বর্তমান কর্মাধ্যক্ষকে সরানো হচ্ছে, ততক্ষণ নতুন কাউকে সেখানে নিযুক্ত করা যায় না। সেইমত বেশ কিছুদিন আগেই জাহাঙ্গিরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এদিন প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনারের উপস্থিতিতে শুনানি হয়। সেখানেই জাহাঙ্গিরের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এদিকে, নতুন করে সংকট বাড়ল জাহাঙ্গিরের। বিজেপি নেতা জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তাঁর নাম যুক্ত করা হল।



