নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আদিবাসীদের ধর্মান্তকরণ রুখে তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার কড়া বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রবিবার বীরভূমের রাজনগরে বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে ডাকবাংলো মাঠে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রবিবার জেলাজুড়ে মহাসমারোহে পালিত হয় আদিবাসী জননায়ক বিরসা মুন্ডার জন্মদিবস। সিউড়ির ভূমিদপ্তরের কার্যালয়ে মূল অনুষ্ঠানের পাশাপাশি রাজনগর, সিউড়ি ১ নম্বর ব্লক সহ একাধিক ব্লকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসীদের জমির পাট্টা প্রদান থেকে শুরু করে তাঁদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করা হয় এদিন।
রাজনগরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও দুধকুমার মণ্ডল। দুধকুমারবাবু বলেন, ‘আদিবাসীদের নিজস্ব জায়গা বা জমি না থাকার কারণে তাঁরা যুগ যুগ ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। সেই কারণেই তাঁদের পাট্টা দিয়ে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।’ আগের সরকার আদিবাসীদের উন্নয়নে কিছুই করেনি বলে অভিযোগ করে বর্তমান বিজেপি সরকার আদিবাসীদের জন্য কতটা ভাবিত, তা বোঝানোর চেষ্টা করেন তিনি।
পাশাপাশি আদিবাসীদের ধর্মান্তকরণ নিয়ে সরব হন জগন্নাথ চট্টোপাধ্যায়। আদিবাসী জমি ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান ভারতবর্ষে আদিবাসী সমাজকে যতটা সম্ভব সংরক্ষণ দিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি, সংস্কার ও আবাসস্থলে নিজেদের মতো করে বাঁচতে দিতে হবে। আজ সমাজে যে আগ্রাসী মনোভাব তৈরি হয়েছে, আদিবাসী জমির ওপর যে নজর পড়েছে, তা থেকে তাঁদের রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় কাজ।’
মিশনারিদের ধর্মান্তকরণ প্রক্রিয়ার কড়া সমালোচনা করে জগন্নাথবাবু আরও বলেন, ‘আদিবাসীরা আজ মিশনারিদের কাছে সফট টার্গেট। ধর্মান্তকরণের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলি সবার আগে আদিবাসী এলাকাগুলিকেই বেছে নেয়। বিরসা মুন্ডার দেখানো পথ অনুসরণ করে এই আগ্রাসন থেকে আদিবাসী সমাজকে রক্ষা করতে হবে।’
আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সিউড়ির বিধায়ক বলেন, ‘আপনারা দু’ হাত ভরে আমাদের আশীর্বাদ করেছেন, সংরক্ষিত আসনগুলিতে জিতিয়েছেন। আগামী পাঁচ বছরে রাজনগর ও সিউড়ি ১ নম্বর ব্লকের আদিবাসীদের প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।’ বক্তব্যের শেষে সিধো, কানহু, তিলকা মাঝির মতো বীর সংগ্রামীদের স্মরণ করে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের সংকল্প নেন তিনি।



