বৃষ্টিতে ম্লান অশোকনগরের জগদ্ধাত্রী পুজো, চাকদহেও প্রভাব, মেয়াদ বৃদ্ধির আরজি উদ্যোক্তাদের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, কল্যাণী: খারাপ আবহওয়ার প্রকোপে জগদ্ধাত্রী পুজোর আনন্দ মাটি হতে বসেছে অশোকনগরে। বৃষ্টিতে জলমগ্ন রাস্তা। প্যান্ডেলের আলোকসজ্জা বন্ধ করতে হয়েছে। অন্যদিকে আজ, শনিবার পর্যন্ত প্যান্ডেলে ঠাকুর রাখার অনুমতি দিয়েছিল প্রশাসন। দুর্যোগের কারণে উদ্যোক্তারা ঠাকুর রাখার দিন বৃদ্ধির আর্জি জানিয়েছেন।

Advertisement

নিরাপত্তার কারণে কল্যাণগড়ের প্রায় ৩০টি পুজো আলোকসজ্জা বন্ধ করে দিয়েছে। মণ্ডপের আলোও দিয়েছে নিভিয়ে। রাধা কেমিক্যাল মোড়ের স্কাইলার ক্লাবের পুজো এবার পুরানো সংসদ ভবনের আদলে মণ্ডপ তৈরি। চন্দননগরের চোখধাঁধানো আলো দিয়েও সাজিয়েছে তারা। কিন্তু দুর্যোগের কারণে জাঁকজমকের কোনো চিহ্ন এখন চোখে পড়ছে না। মণ্ডপ অন্ধকারে ঢাকা বলে ঢুকতে পারছেন না দর্শনার্থীরা। একই ছবি কল্যাণগড় আমরা সবাই ক্লাবের পুজোর। খাজুরাহোর লক্ষ্মণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। তা প্রায় অন্ধকারে ঢাকা। শুধু এই দুই পুজো নয়, কল্যাণগড়ের প্রায় প্রতিটি পুজোর ছবি একইরকম। পুজো উদ্যোক্তা অসীম দাস বলেন, ‘কল্যাণগড়ের আদি বাসিন্দাদের কাছে জগদ্ধাত্রী পুজো বছরের অন্যতম বড়ো উৎসব। এবার আবহাওয়ার কারণে সেই আনন্দে জল ঢেলে দিয়েছে প্রকৃতি। প্রশাসনের নির্দেশ মেনে বন্ধ রাখতে হয়েছে আলো। শনিবার পর্যন্ত পুজো করার অনুমতি রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন আরও দু-একদিন মেয়াদ বাড়লে দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দেখার সুযোগ পাবেন।’ রামকৃষ্ণ সেবা সমিতির পুজো এ বছর ৩৪ বছরে পা দিয়েছে। তাদের অন্যতম আকর্ষণ মিলন বন্ধন মেলা। বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় বন্ধ রাখতে হয়েছে মেলা। পুজোর সম্পাদক রাজু চন্দ্র বলেন, ‘বিদ্যুতের সংযোগে জল পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের নির্দেশ মেনে এবং মানুষের নিরাপত্তার কথা ভেবে আলোকসজ্জা বন্ধ রাখা হয়েছে।’ দেবশ্রী মজুমদার নামে এক স্থানীয় বাসিন্দা আক্ষেপের সঙ্গে বলেছেন, ‘অন্যান্য বছর এই সময় ঠাকুর দেখার লম্বা লাইন পড়ে। মেলা, আলো আর মানুষের ভিড়ে জমজমাট হয়ে থাকে কল্যাণগড়। এবার কিছুই নেই। দুর্যোগ কবে কাটবে আবার আলো কবে জ্বলবে, কবে ভিড় হবে তা অপেক্ষায় আছি।’ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দুর্যোগের আশঙ্কা থাকায় পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে সংশয়ে সবাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা মণ্ডপ ও আলোকসজ্জা দর্শনার্থীদের দেখানোর সুযোগটুকু যাতে নষ্ট না হয় তার জন্য আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। এবং পুজোর মেয়াদ বাড়ানোর আরজি জানিয়েছেন। এর পাশাপাশি বৃষ্টির জেরে চাকদহ ব্লকের বিভিন্ন এলাকার একাধিক বাড়ির প্রতিমা বিসর্জনে বিঘ্ন ঘটে। ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কাশীনাথ চক্রবর্তীর বাড়ির পুজো প্রায় ৭০ বছরের। স্থানীয় পুকুরে প্রতিমা বিসর্জনের রীতি। বৃষ্টির কারণে শুক্রবারও বিসর্জন হয়নি। এছাড়া শিলিন্দার বালিয়া গ্রামে শিব পালের বাড়ির পুজোয় আদিবাসী নৃত্য সহযোগে শোভাযাত্রা করে বিসর্জনের পরিকল্পনা ছিল। বৃষ্টির কারণে তা বাতিল হয়। শুক্রবার রাতে অনাড়ম্বরভাবে এক আত্মীয়ের পুকুরে প্রতিমা বিসর্জন দেয় তারা।