অমিত চৌধুরী, চন্দননগর: কয়েক কিলো সোনায় সেজে ঝকঝক করছেন জগদ্ধাত্রী। চন্দননগরের হেলাপুকুর সর্বজনীনের প্রতিমা পরেছে ৬০ কেজি সোনার গয়না। এখানে অনেক প্রতিমা সোনা, রুপোর গয়নায় সজ্জিত হয়। তবে এত বিশাল পরিমাণ অলঙ্কার সাধারণত কোনো দেবীর গায়ে দেখা যায় না।
হেলাপুকুরের পুজো এবছর ৫৭তম বর্ষে পা দিয়েছে। এবারের থিম, ‘রাজস্থানের রাজ বৈভব।’ মণ্ডপের প্রবেশ পথের দু’দিক সাজানো হয়েছে উট দিয়ে। ভিতরে প্রবেশ করলে রাজস্থানের রাজমহলের অন্দরমহলের ছবি দেখা যাবে। প্রতিমা সোনার অলংকারে সেজে দাঁড়িয়ে। গয়না পাহারা দেওয়ার জন্য আছেন সরকারি নিরাপত্তারক্ষী ও কমিটি নিযুক্ত নিরাপত্তাকর্মীরা। পুজো কমিটির পক্ষ থেকে অমিত দাস জানান, চুঁচুড়ার সেনকো গোল্ড জুয়েলার্স ৬০ কেজি সোনার অলঙ্কারে সাজিয়ে দিয়েছে দেবীকে। চতুর্থী থেকে দর্শনার্থীদের ভিড় হচ্ছে চোখে পড়ার মত। ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।’
অন্যদিকে, সাবেক ধারা বজায় রেখেই পুজো করছে বাগবাজার সর্বজনীন। ১৯২ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এবার পটচিত্র, মাদুর দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। দেবীর শরীরে ডাকের সাজ। ফুটিয়ে তোলা হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও রথ। চালচিত্রতেও একই থিম। পুজোর যুগ্ম সম্পাদক শুভজিৎ গোস্বামী বলেন, ‘রথের দিন কাঠামো পুজো দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কমিটি ১৮ বছর আগে রাস্তায় আলপনা দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছিল। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। চন্দননগরের আলোর রোশনাই এবং আলপনা রাস্তাগুলিও সাজিয়ে তুলেছে।’



