নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাবর্তনে রোব পরিবর্তন করে ভারতীয় সংস্কৃতির পোশাক পরিধান নিয়ে নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশই মেনে নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বুধবার সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চিরাচরিত রোব বা গাউনের পরিবর্তে ছাত্রছাত্রী এবং গবেষকদের ভারতীয় পোশাক পরেই সমাবর্তনে আসতে হবে। ২৪ জানুয়ারি সমাবর্তন আয়োজনের দিন প্রস্তাব করা হচ্ছে রাজ্যপাল তথা আচার্য আরএন রবিকে।
সিন্ডিকেট সূত্রে জানা যাচ্ছে, ছেলেদের সাদা পাঞ্জাবি এবং সাদা ধুতি অথবা পাজামা পরে আসতে বলা হবে। আর মেয়েদের পরিধেয় হবে লালপাড় সাদা শাড়ি। উত্তরীয়তে থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমব্লেম। তা সরবরাহ করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। যদিও আচার্য, উপাচার্য, ডিন, রেজিস্ট্রারদের রোব পালটানো হবে কি না, তা নিয়ে এখনো আলোচনা চলবে। গত সমাবর্তনে সময়ের অভাবে রোব অর্ডার করা যায়নি। তাই সেবার ডিগ্রিপ্রাপকরা রোব ছাড়াই হাজির হয়েছিলেন সমাবর্তনে। সেটাকে নজির করেই উপাচার্য আশুতোষ ঘোষ দাবি করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রোব ছিল না। যদিও, সেই দাবির বিরোধিতাই করছেন অন্যান্য অধ্যাপক এবং শীর্ষ আধিকারিকরা।
রাজ্য সরকারের নির্দেশের বিরুদ্ধেই অবস্থা নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিন সেখানেও সমাবর্তন নিয়ে ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। ডিনদের নিয়ে এই বৈঠকে স্থির হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেরুয়া বা বাসন্তী রোব পরিবর্তনের পথে হাঁটা হবে না। কারণ, যাদবপুরের আদর্শ ঔপনিবেশিকতার বিরুদ্ধে। আর এখানকার রোবেও ভারতীয় সংস্কৃতির প্রতিফলনই রয়েছে। হঠাৎ করে এই ঐতিহ্যবাহী রোব পরিবর্তন করা হলে পড়ুয়া বিক্ষোভ হতে পারে। এই কারণগুলি জানিয়ে উচ্চশিক্ষা দপ্তরে চিঠি লিখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ইউজিসির গাইডলাইন মেনে উচ্চশিক্ষা দপ্তর উপাচার্যদের নির্দেশ দিয়েছে, ভারতীয় সংস্কৃতি এবং জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হ্যান্ডলুম পোশাক এবং উত্তরীয়ই সমাবর্তনের পোশাক করতে হবে।



