Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে উলটপুরাণ, অন্ধকারে ভাঙচুর ফেটসুর ইউনিয়ন রুমই!

ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির এই ছাত্র ইউনিয়নের অফিসই ভাঙচুরের অভিযোগ উঠল।

যাদবপুরে উলটপুরাণ, অন্ধকারে ভাঙচুর ফেটসুর ইউনিয়ন রুমই!
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের কর্মী ইউনিয়ন শিক্ষাবন্ধু সমিতির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল ফেটসু’র বিরুদ্ধে। এবার উলটপুরাণ! ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির এই ছাত্র ইউনিয়নের অফিসই ভাঙচুরের অভিযোগ উঠল। সোমবার গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটে। সকালে তা জানতে পেরে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে ফেটসু। একই সঙ্গে কর্তৃপক্ষের কাছে তারা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি এফআইআর করছে যাদবপুর থানায়। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করছে তারা।

Advertisement

১ মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায় অশান্তির পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকাতে গিয়ে জখম হন ফেটসু’র নেতা ইন্দ্রানুজ রায়। অনুগামীদের ক্ষোভ আছড়ে পড়ে শিক্ষাবন্ধু সমিতির অফিসে। ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে সেখানে। সেই ঘটনায় এক প্রাক্তনীকে গ্রেপ্তারও করা হয়েছিল। পোড়া অফিস নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে মঙ্গলবার। আর বুধবার সকালেই দেখা দেল, ফেটসু’র অফিসেও ব্যাপক ভাঙচুর হয়েছে। ফেটসুর দাবি, ক্যারম বোর্ড, টেবল টেনিস বোর্ড, সেগুলির স্ট্যান্ড, একটি গোলটেবিল, চেয়ার সহ অনেক কিছুই ভাঙা হয়েছে। বাইরে পড়ে থাকতে দেখা গিয়েছে দামী ব্র্যান্ডের একটি স্ট্যান্ড ফ্যান। সেই ব্র্যান্ডের উল্লেখ করে ফিনান্স অফিসারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ফেটসু।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবার রাতে সুবর্ণজয়ন্তী ভবনের সামনে টিএমসিপি আইপিএল ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করেছিল। তাই সরাসরি না হলেও, এই ঘটনার জন্য ঘুরিয়ে ফিরিয়ে টিএমসিপির দিকেই আঙুল তুলছে ফেটসু’র একাংশ। টিএমসিপি নেতা সঞ্জীব প্রামাণিককেও জড়ানো হচ্ছে। তিনি অবশ্য একেবারে টাইমলাইন উল্লেখ করে তাঁর অবস্থান ফেসবুকে পোস্ট করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। লিখিত বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। উল্টে এই ঘটনাকে হাতিয়ার করে ক্যাম্পাসে সিসিটিভি এবং পুলিস পিকেটিংয়ের পক্ষে জোরালো সওয়াল করেছে তারা। প্রসঙ্গত, র‌্যাগিংয়ের ফলে ছাত্রমৃত্যুর ঘটনার পর ক্যাম্পাসে সিসিটিভি বসানো এবং পুলিস আউটপোস্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিল ফেটসুই। ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্ত হিসেবে এখনও বিচারাধীন আছেন বেশ কয়েকজন ফেটসু নেতা ও সমর্থক। 
সূত্রের খবর, কয়েক বছর আগে আর্টস ফ্যাকাল্টির ছাত্র ইউনিয়ন আফসু’র অফিসঘরও ভাঙচুর হয়েছিল। বাম আমলে সিপিএমের কর্মী সংগঠনের ইউনিয়ন রুম ভাঙচুর করা হয়। তখনও সেগুলি সংস্কার করে দেয় কর্তৃপক্ষ। তাই আলাদা করে ক্ষতিপূরণ না দিলেও ফেটসু’র ইউনিয়ন রুমও কর্তৃপক্ষ সংস্কার করে দেবে বলা যায়। তবে এই ঘটনার জেরে যাদবপুর ক্যাম্পাসে আলোড়ন তৈরি হয়েছে। সদস্য সংখ্যার নিরিখে সবচেয়ে বড় এবং শক্তিশালী ইউনিয়ন ফেটসু। তাদের অফিস যেভাবে ভাঙচুর হয়েছে, তাতে ক্ষমতার অক্ষে বদল আসার ইঙ্গিতও রয়েছে বলে মত অনেকের।  ভাঙচুরের পর ফেটসুর ইউনিয়ন রুম।

Advertisement
সম্পর্কিত সংবাদ