অনুভব সেনগুপ্ত, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই যুবভারতীতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিলের ফুটবল দল। এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে কলকাতা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। পাশাপাশি এসেছেন বিদেশি ক্রীড়াপ্রেমী ব্যক্তি এবং সাংবাদিকরাও। আজ, শনিবার সন্ধ্যায় স্টেডিয়ামে ঢুকতে দেখা গেল বাংলাদেশ, কম্বোডিয়া নাগরিকদেরও। এই ম্যাচের সাক্ষী থাকতে সুদূর আমেরিকা থেকে কলকাতায় এসেছেন জ্যাকব। তবে শুধু একা নয় তিনি এসেছেন সপরিবারে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, পুত্র এবং তিন কন্যা। এই প্রথমবার নয়, এর আগেও ২০১৪ সালে কলকাতায় এসেছিলেন তিনি। তখন কিছুটা বাংলা ভাষাও রপ্ত করেছিলেন তিনি। এবার তিলোত্তমায় আসার আগে স্বামী-স্ত্রী দুজনেই বাংলা ভাষা ভালোভাবে রপ্ত করে এসেছেন। তিনদিন থাকবেন এখানেই। শহরে হওয়া ব্রাজিল-ভারত ফুটবল ম্যাচ দেখার পাশাপাশি শহরের সংষ্কৃতিরও সাক্ষী থাকতে চান তাঁরা। আর সেজন্যই পরিষ্কার বাংলাতেই কথা বললেন বর্তমান ডিজিটালের প্রতিনিধিদের সঙ্গে।



