সংবাদদাতা, তুফানগঞ্জ: ষাঁড়ের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীর। তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতলায় পথে বেরোতেও ভয় পাচ্ছেন অনেকে। সন্ধ্যার পর সেই আতঙ্ক আরও বাড়ছে। মাসখানেক ধরে দুটি ষাঁড় গৃহস্থের বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। কখনও খেতের ফসল নষ্ট করছে। বাধ্য হয়ে অনেকে আবার ফসল বাঁচাতে রাত জাগছেন। এ ব্যাপারে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সোচ্চার হয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা আজির হোসেন বলেন, এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করেন। রাতের অন্ধকারে দুটি ষাঁড় এসে জমির শীতকালীন ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছে। এখনও প্রায় ৩০বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এতে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে আমাদের। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা সরকার বলেন, একটি ষাঁড়কে ধরা হয়েছে। অন্যটিকেও ধরা হবে।



