সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবারের খেলায় জয়ী হয়েছে পুলিস অ্যাথলেটিক ক্লাব। শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৫ উইকেটে দুবরাজদিঘি অতিথি সঙ্ঘকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে অতিথি সঙ্ঘ ২১.৩ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন রাজেশ ওঁরাও। তিনি ছাড়া ঋতব্রত রায়নন্দী ১৪ রান করেন। বাকি ব্যাটাররা দু’অঙ্কের রান করতে পারেননি। অতিথি সঙ্ঘের পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। পুলিস অ্যাথলেটিক ক্লাবের দিব্যাংশু কুমার সিং সাত ওভার বল করে তিনটি মেডেন সহ সাত রান দিয়ে পাঁচটি উইকেট দখল করেন। শেখ আসপাক আলি ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারে ৫ উইকেটে ৬১ রান তুলে ম্যাচ জিতে নেয় পুলিস অ্যাথলেটিক ক্লাব।



