সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপে মিউনিসিপ্যাল সকার কাপ ফুটবলে প্রথম রাউন্ডের অষ্টম খেলায় জয়ী হল মিলন সঙ্ঘ। বৃহস্পতিবার তারা রয়েল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপের বিবেকানন্দ স্টেডিয়ামে স্থানীয় দু’টি দলের খেলা হয়। রয়েল ক্লাব ছয় বিদেশি খেলোয়াড় নিয়ে দল গঠন করে। মিলন সঙ্ঘের টিমে কোনও বিদেশি খেলোয়াড় ছিল না। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় বিদেশি খেলোয়াড় জাকাতার গোলে রয়েল ক্লাব এগিয়ে যায়। কিন্তু পাল্টা আক্রমণ চালিয়ে ১৩মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান মিলন সঙ্ঘের বিনোদ টুডু। ২৮ মিনিটের মাথায় আরও একটি গোল করে ব্যবধান ২-১-এ নিয়ে যান মিলন সঙ্ঘের রনি সরকার।



