সংবাদদাতা, নবদ্বীপ: রবিবার নবদ্বীপ মিউনিসিপ্যাল সকার কাপের প্রথম রাউন্ডের দশম ম্যাচে জয়ী হল হুগলির কোন্নগরের ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় তারা নবদ্বীপ টাউন ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। এদিন দুই দলে কোনও বিদেশি খেলোয়াড় ছিল না। শুরু থেকেই দুই দল পরস্পরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গোল করার চেষ্টা করে। ম্যাচের ৩২ মিনিটের মাথায় কর্নার থেকে জটলার মধ্যে বল গোল ঠেলে কোন্নগরকে এগিয়ে দেন দেবাশিস পাল। দ্বিতীয়ার্ধেও খেলার মান ছিল একই রকম। দু’দলই গোল করার একাধিক সুযোগ পেয়ে ব্যর্থ হয়। সোমবার প্রথম রাউন্ডের একাদশ ম্যাচে মুখোমুখি হবে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি ও দাঁইহাট এসআর ফুটবল অ্যাকাডেমি।



