কোচি: ‘এই রায় আমার বুকে ছুরি মারার শামিল।’ এমনই মন্তব্য করলেন কোচি মার্সিডিজ দুর্ঘটনায় নিহতের মেয়ে ভদ্রা কীর্তি। সম্প্রতি কোচির চেরানাল্লুরে একটি স্কুটারে ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি। মৃত্যু হয় জয়বালকৃষ্ণন নামে ওই স্কুটার চালকের। গাড়িটি চালাচ্ছিল দায়রা আদালতের বিচারকের নাবালক পুত্র। শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। চাপে পড়ে পুলিশ কমিশনার সহ বেশ কয়েকজনকে সরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার হন অভিযুক্তের বাবা। তদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার আদালতের তোপের মুখে পড়েছে পুলিশ। এরইমধ্যে বৃহস্পতিবার জামিন পেলেন অভিযুক্তের বিচারক বাবা। কেরল হাইকোর্টের বিচারপতি এডাপ্পাগাথ তাঁর অন্তর্বর্তী জামিনের আরজি মঞ্জুর করেন। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যাওয়ার কথা জানিয়েছে তারা। সংবাদমাধ্যমকে নিহতের মেয়ে বলেন, ‘কাল বাবার শেষকৃত্য হবে। আশা করেছিলাম, আমাদের পরিবার ন্যায়বিচার পাবে। কিন্তু সেটা হল না।’ ঘটনায় অভিযুক্ত কিশোরের জামিন মঞ্জুর করেছে জুভেনাইল জাস্টিস বোর্ড। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।



