নয়াদিল্লি: ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-কে মদত জোগাচ্ছে আমেরিকা আর পাকিস্তান। আর সেই মদতেই অভিজিৎ দিপকের সিজেপি ভারত সরকার বিরোধী প্রচার চালাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এমনই অভিযোগ তুলেছিলেন। এবার তার জবাব দিল দিপকে ও তাঁর সহযোগীরা। তাঁদের প্রশ্ন, সাংবিধানিক পদে বসে কেউ কীভাবে প্রমাণ ছাড়া এহেন দাবি করতে পারেন?
জিতেন্দ্রর অভিযোগ, সিজেপিতে যে বেআইনিভাবে টাকা ঢুকছে, তার যথাযথ প্রমাণ রয়েছে। একইসঙ্গে দিপকেরা যে দেশের স্বার্থবিরোধী কাজ করছে সেই প্রমাণও তাঁর কাছে আছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর নিশানায় ছিল সিজেপির দুই প্রথম সারির নেতা তথা প্রতিষ্ঠাতা দিপকে এবং আশুতোষ রাঙ্কা। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দিপকে টাকার জোগান পান আমেরিকা থেকে এবং আশুতোষের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের।
পালটা সিজেপি কড়া ভাষায় নিশানা করেছে জিতেন্দ্রকে। সোশ্যাল মিডিয়ায় তারা বলেছে, ‘এটা অত্যন্ত লজ্জাজনক। একজন কেন্দ্রীয় মন্ত্রী এভাবে যা খুশি তাই বলতে পারেন? এই ধরনের মানুষই আজকের দিনে শীর্ষস্তরের পদে বসে রয়েছেন।’ অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বিদেশি মদতের অভিযোগ ঘিরে সরব কর্ণাটকের স্বারাষ্ট্রমন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে। তাঁর চ্যালেঞ্জ , কংগ্রেসের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ থাকলে তা জনগণের সামনে আনা হোক। কীসের ভিত্তিতে বিজেপি এহেন অভিযোগ করছে, তা তাদের জানাতে হবে। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ইন্টেলিজেন্স এজেন্সির ব্যর্থতার কথাও তুলে ধরেন। তাঁর প্রশ্ন, র, আইবির মতো তদন্তকারী সংস্থা কী করছে? তারাও কংগ্রেসের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারছে না?



