Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘খারাপ সিনেমায় অভিনয় করাও জরুরি’

সম্প্রতি ঋষভ শেট্টির ‘কান্তারা চ্যাপ্টার ১’-এ নজর কেড়েছেন গুলশান দেবাইয়া। নিজের জীবন নিয়ে অকপট আড্ডা দিলেন অভিনেতা।

‘খারাপ সিনেমায় অভিনয় করাও জরুরি’
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি ঋষভ শেট্টির ‘কান্তারা চ্যাপ্টার ১’-এ নজর কেড়েছেন গুলশান দেবাইয়া। নিজের জীবন নিয়ে অকপট আড্ডা দিলেন অভিনেতা।

Advertisement

‘কান্তারা’ কতটা স্পেশাল?
ঋষভের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আমার জন্য চ্যালেঞ্জিং ছিল ঘোড়সওয়ারি। আমি ঘোড়ায় চড়তে জানতাম না। ট্রেনিং নিয়েছিলাম। সারা দিন সেটে বসে ঋষভকে লক্ষ করতাম। অভিনয়, পরিচালনা, সেটের সবাইকে সামলানো সব কাজ ঠান্ডা মাথায় করতেন ঋষভ। সব চাপ হাসিমুখে সামলাতেন। ঋষভের চরিত্রটা শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আমার কথা মাথায় রেখে ঋষভ চরিত্রটি লিখেছিলেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
বলিউডে ১৫ বছর পার করে ফেলেছেন। ফিরে দেখলে চোখের সামনে কোন ঘটনা ভেসে ওঠে?
এই জার্নি ঘিরে আমার কোনও রকম পরিকল্পনা ছিল না। আমি কখনও ভাবিনি যে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের কেরিয়ার একটা নির্দিষ্ট আকার নিয়েছে। কাজ নিয়ে আমি খুশি। জীবনে নিশ্চয় ওঠানামা ছিল। তবে ওঠানামা না থাকলে জীবন বর্ণহীন। সবকিছু সহজে পেয়ে গেলে সাফল্যের স্বাদ ফিকে হয়ে যায়। তবে এটা নিতান্তই আমার ব্যক্তিগত জার্নি। তাই এর ভুল-ঠিক সব দায়ভার আমারই। 
কোনও অনুশোচনা আছে? 
পেশাগত জীবনে প্রচুর ভুল করেছি। তবে এসব নিয়ে বিন্দুমাত্র আফশোস নেই। দু-একটা বাজে ছবিতে কাজ করেছি। তবে অভিজ্ঞতা তৈরি হয়েছে। আমি মনে করি মাঝে মাঝে খারাপ সিনেমায় অভিনয় করাও জরুরি। ব্যক্তিগত জীবনেও অনেক ভুলভ্রান্তি করেছি। তা নিয়ে আফশোস আছে। অনেক সময় মনে হয়েছে বাবা, মা, স্ত্রীকে এমন কিছু কথা বলেছি, যা বলা উচিত হয়নি। 
আপনি প্রতিযোগিতায় বিশ্বাসী?
সুস্থ প্রতিযোগিতা খুবই ভালো। সবসময় জিততেই হবে তা আমি মনে করি না। কিন্তু প্রতিযোগিতার মাঝে ইগো চলে এলে মুশকিল। অন্যকে ছোট করে দেখানো বা কটাক্ষ করা কখনও প্রতিযোগিতা নয়।
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন। ওঁর সিনেমায় কবে কাজ করবেন?
সৃজিতকে আমি ঋজু বলে ডাকি। হ্যাঁ, সৃজিতের প্রথম পরিচালিত নাটকে আমি অভিনয় করেছিলাম। ২০০৪ সাল থেকে আমাদের পরিচয়। বেঙ্গালুরুতে ওর সঙ্গে দু-তিনটে নাটকে আমি কাজ করেছি। সৃজিত আমাকে বাংলা এবং হিন্দি ছবির প্রস্তাব দিয়েছিল, আমারই করা হয়নি। মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের রঞ্জন ঘোষালের সঙ্গে বেঙ্গালুরুতে আমি অনেক নাটক করেছি। এছাড়া আমি ‘বাঞ্ছারামের বাগান’ নাটকে অভিনয় করেছি। তবে আমি ইংরেজিতে অভিনয় করতাম।
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ