ক্যানবেরা: বছরের গোড়ায় টেস্ট সিরিজে ১-৩ হারের লজ্জা সঙ্গী হয়েছিল। সদ্য ওডিআই সিরিজেও ১-২ হারতে হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে হালফিল ভারতের পারফরম্যান্স মোটেই ভালো নয়। বুধবার শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এই ধারাকে বদলানোই লক্ষ্য সূর্যকুমার যাদবের। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেছেন, ‘এটা অন্য ফরম্যাট। আমরা যেভাবে খেলি, সেটা মেলে ধরতে চাইছি। কোনও কিছু বদলানোর দরকার নেই। হ্যাঁ, এখানের কন্ডিশন অবশ্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু সেটাকে অতিক্রম করেই রান করতে হবে, উইকেট নিতে হবে।’
স্বয়ং তিনিই অবশ্য রানে নেই। কিছুদিন আগেই এশিয়া কাপে সাত ইনিংসে সূর্যর ব্যাটে এসেছে মাত্র ৭২ রান। ‘স্কাই’ যদিও চিন্তিত নন। ৩৫ বছর বয়সি বলেছেন, ‘নেটে ভালোই ব্যাট করেছি। কোনও অসুবিধা নেই। রান ঠিকই পাব। আমার কাছে কঠিন পরিস্থিতিতে দলের চাহিদা অনুসারে ব্যাট করা বেশি গুরুত্বপূর্ণ।’
টি-২০ সিরিজে যশপ্রীত বুমরাহর উপস্থিতি শক্তি বাড়াচ্ছে দলের। সূর্যর কথায়, ‘অস্ট্রেলিয়ায় দলের বাকি সবার চেয়ে বেশিবার ও এসেছে। এদেশে কীভাবে সাফল্য পাওয়া সম্ভব, তা ওর জানা। এশিয়া কাপে প্রথম ছয় ওভারের মধ্যে বুমরাহ কিন্তু ন্যূনতম দু’ওভার করেছে। পাওয়ার প্লে চলাকালীন ওকে মারা কিন্তু সহজ হবে না। ও দলের সম্পদ।’
প্রথম এগারো বেছে নেওয়ার কাজটা যে কঠিন, তা অবশ্য মেনেই নিয়েছেন সূর্য। বলেছেন, ‘১৫জন তো খেলতে পারবে না, ১১জনই খেলবে। তবে যে কোনও মুহূর্তে যে কেউ মাঠে নামতে পারে। তাই সবাইকেই তৈরি থাকতে বলেছি। এত বেশি অপশন থাকায় জোরে বোলার বা স্পিনার বেছে নেওয়ার কাজটা অবশ্য মুশকিল।’
পরের বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার জন্য প্রস্তুতির অঙ্গ হিসেবে এই সিরিজকে দেখছেন সূর্য। তাঁর কথায়, ‘এটা অবশ্যই বিশ্বকাপের জন্য হোমওয়ার্ক। গতবার আমরা যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলাম তখন একজন পেসার, একজন অলরাউন্ডার ও তিনজন স্পিনার খেলিয়েছিলাম। এখানেও একইরকম পিচ। তাই কম্বিনেশন খুব একটা বদলানোর কথা নয়।’