সংবাদদাতা, ইটাহার: বাড়ির কাছে আম গাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইটাহারের পার্বতীপুর গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুধীরচন্দ্র রায় (৬০)। তিনি পেশায় কৃষক ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন ভোরে স্ত্রীকে বলে বাড়ি থেকে বের হন সুধীরবাবু। ঘণ্টা খানেক কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির কাছেই একটি আম গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর ইটাহার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে কী কারণে এমন ঘটনা তা পরিবারের লোকেরা কিছু বলতে পারেননি। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



