সংবাদদাতা, ইটাহার: লক্ষ্য শিশুদের সরকারি পরিষেবা প্রদান সুনিশ্চিত করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মানস মণ্ডল। মঙ্গলবার ইটাহারের মারনাই অঞ্চলের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক হাল হকিকত খতিয়ে দেখেন মানস মণ্ডল। সঙ্গে ছিলেন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মামনি সাহা। এদিন অতিরিক্ত জেলাশাসক বোরট, বাঙ্গার, আমপাড়া ও বোরট্টি কেন্দ্রের পরিকাঠামো, মিড ডে মিল, শিশুদের পুষ্টি তালিকা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। কথা বলেন এলাকার বাসিন্দা, অভিভাবক, পড়ুয়া ও কর্মী ও সহায়িকাদের সঙ্গে। ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় নির্মাণ কাজ চলছে। তবে অধিকাংশ কেন্দ্রের শৌচালয়গুলিতে জলের ব্যবস্থা নেই।



