Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারের আঙারদিঘিতে বেহাল রাস্তা

ইটাহারের আঙারদিঘিতে বেহাল রাস্তা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: পিচের চাদর উঠে গ্রামীণ সড়কের বেহাল অবস্থা প্রায় আট বছর। ধসে গিয়েছে দু’ধার। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকশো বাসিন্দা নিত্যদিন যাতায়াত করেন এই রাস্তা ধরে। তাঁদের অভিযোগ, ইটাহারের আঙারদিঘি থেকে আলসিয়া মোড় গোরস্থান পর্যন্ত ৯০০ মিটার রাস্তা প্রশাসন সংস্কার করার উদ্যোগ নিচ্ছে না। 
Advertisement
এই রাস্তা দিয়ে উত্তর দিনাজপুরের সাহাভিটা, হেমতপুর, গোয়ালপাড়া, ফতেপুর, চাঁভোট, মুরালিপুকুর, চৌদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরের সৈয়দপুর, শ্যামগঞ্জ, খয়েরবাড়ি, ভবানিপুর, নামতোর, বালিহারা সহ দুই জেলার কয়েক শতাধিক সাধারণ মানুষ সহ পড়ুয়ারা যাতায়াত করেন। বেহাল রাস্তার ধারেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ শিশুশিক্ষা কেন্দ্র। স্থানীয় পড়ুয়াদের রানিপুর এলাকায় মেঘনাদ সাহা কলেজে যেতে এই বেহাল রাস্তাই একমাত্র ভরসা। অনবরত চলাচল করে দুই জেলার টোটো, বাইক, অটো, ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন। স্থানীয় টোটো চালক মিলন সরকার ও রিয়াজুল হক জানান, পেটের দায়ে বিপদের আশঙ্কা নিয়েই যাত্রীদের নিয়ে যাতায়াত করতে হচ্ছে। 
স্থানীয় বাসিন্দা সোলেমান আলি ও তপন দাসদের কথায়, অবিলম্বে প্রশাসন বেহাল রাস্তা সংস্কারের ব্যবস্থা করুক। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার। তিনিও সাধারণ মানুষের সমস্যার কথা স্বীকার করেছেন। বলেন, জেলা পরিষদ ও ব্লক প্রশাসনকে রাস্তা সংস্কারের জন্য বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ