সংবাদদাতা, ইটাহার: প্রথম দিনের শিল্পের সমাধান শিবিরে রেজিষ্ট্রেশন হল ২৯৪ টি। সমস্ত দপ্তরকে এক ছাতার তলায় নিয়ে এসে সাধারণ মানুষকে সহজে ঋণ পাইয়ে দিতে শিল্পের সমাধান শিবিরের সূচনা হল ইটাহারে। সোমবার ইটাহার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও অফিস চত্বরে এই শিবির বসে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির।
এখানে পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ট্রেড লাইসেন্স, স্বনির্ভর দলের ঋণ সহ একাধিক স্টল করে সাধারণ মানুষকে এদিন পরিষেবা দেওয়া হয়। প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে অবগত করা হয়। এদিন শিবিরের সমস্ত দিক খতিয়ে দেখেন বিডিও দিব্যেন্দু সরকার সহ দুই জয়েন্ট বিডিও দিলবার হুসেন ও অঙ্কুর বিশ্বাস। তাঁরা কথা বলেন উপভোক্তাদের সঙ্গে।