Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে আবাস তালিকা নিয়ে ডিএম, এসডিওর কাছে অভিযোগ বাসিন্দাদের

ইটাহারে আবাস তালিকা নিয়ে ডিএম, এসডিওর কাছে অভিযোগ বাসিন্দাদের
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার : বাংলার বাড়ি প্রকল্পে একই গ্রামে আশাকর্মী সহ একাধিক পাকা বাড়ির মালিকের নাম তালিকায়। এমন ঘটনায় বিতর্ক ছড়িয়েছে ইটাহারের জামালপুর গ্রামে। জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওকে লিখিত অভিযোগ জানালেন গ্রামের কয়েকজন বাসিন্দা।
Advertisement
সার্ভের পর তালিকা টাঙানো হয়েছে ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েত দপ্তর ও বিডিও অফিস প্রাঙ্গণে। ফলে পাকা ঘর পাওয়ার আশায় দিনভর সেই তালিকা দেখতে বিভিন্ন দপ্তরে ভিড় জমাচ্ছেন উপভোক্তারা। এবার সেই তালিকায় ইটাহারের কাপাশিয়া অঞ্চলের জামালপুর গ্রামের ১০ জনের অযোগ্য উপভোক্তার নাম আছে বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে কেউ আশাকর্মী, কেউ শাসক দলের পঞ্চায়েত সদস্যের আত্মীয় বলে অভিযোগ। এছাড়াও তাঁদের অধিকাংশের একতলা ও দোতলা বাড়ির রয়েছে বলে দাবি বাসিন্দাদের। গ্রামের এক বঞ্চিত বাসিন্দা সৈদুল রহমান বলেন, গরিবের কথা কেউ ভাবে না। যোগ্য হলেও আমাদের ভাগ্যে মনে হয়ে পাকা বাড়ি নেই। 
সার্ভের সঙ্গে যুক্ত প্রশাসনের একাংশ কর্মী এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ জামালপুর গ্রামের কিছু বাসিন্দার। তাই তাঁরা তদন্তের দাবিতে অযোগ্য ১০ জনের আইডি ও নাম দিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে। এক  অভিযোগকারী স্থানীয় বাসিন্দা শাহজাহান আলমের কথায়, প্রকৃত গরিব মানুষরা যাতে সরকারের সুবিধা পান, সেজন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে। অনিয়ম হয়ে থাকলে ফের সার্ভের পর অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ