সংবাদদাতা, ইটাহার: মঙ্গলবার ইটাহারে একদিনে প্রায় ১৪৭ জন হেলমেটহীন বাইক চালককে জরিমানা করল পুলিস। চলতি মাসে ইটাহার থানা এলাকায় জাতীয় ও রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত প্রায় ২০ জন। পুলিসের দাবি, মৃতদের কারও মাথায় হেলমেট ছিল না। বারবার ট্রাফিক আইনু সম্পর্কে সচেতন করলেও একাংশ মানুষ কর্ণপাত করছেন না। ফলে বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা। তাই এবার রায়গঞ্জ পুলিস জেলার ডিএসপি ট্রাফিক মহম্মদ ওমর ফারুক, ইটাহারের আইসি সুকুমার ঘোষ ও ট্রাফিক ওসি জয়দেব বর্মনের নেতৃত্বে এদিন বিশেষ অভিযান হয়। ইটাহারের চৌরঙ্গী মোড়, দুর্গাপুর লাইন বাজার ও পতিরাজপুরের ঝাড়কালি এলাকায় জাতীয় ও রাজ্য সড়কে বিশেষ অভিযান করা হয়। হেলমেট না পড়ার কারণ হিসেবে চালকরা সবাই কার্যত অজুহাত দিয়েছেন। সেসব শুনে হতবাক পুলিস আধিকারিকরা। তবে তাঁরা এদিন ১৪৭ জনকে জরিমানা করেছেন। এর মধ্যে রয়েছেন দুই সিভিক ভলান্টিয়ার ও তৃণমূলের অঞ্চল সভাপতিও। জরিমানার পর চালকদের জীবনের মূল্য সম্পর্কে বোঝান আধিকারিকরা। পুলিসের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইটাহারের শিক্ষক অজয় চক্রবর্তীর মন্তব্য, মাঝেমধ্যে পুলিস এরকম অভিযান চালালে অনেক মানুষের প্রাণ বাঁচবে।
Advertisement
ডিএসপি ট্রাফিক ওমর ফারুক বলেন, পথ দুর্ঘটনা রুখতে ইটাহারে বিশেষ অভিযান করা হয়েছে। ধারাবাহিকভাবে আমরা নজরদারি চালাচ্ছি।



