নয়াদিল্লি: হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সম্মেলন’ থেকে বিতর্কের সূত্রপাত। রাহুল গান্ধী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিদের মতো কংগ্রেস নেতার উপস্থিতিতে মঞ্চ থেকে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান দিয়েছিলেন আমন্ত্রিত ইতালীয় নেতা জিয়াকোমো ফিলিবেক। তাঁর ওই আচরণ নিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনার সরব বিজেপি। এবার কেন্দ্রীয় সরকারের তরফেও এল কড়া বার্তা। সোমবার সরকারি সূত্র থেকে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করে ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন ফিলিবেক। শুধু ভারত নয়, এবার নিজের দেশ ইতালিতেও সমালোচনার মুখে পড়তে হয়েছে ইউরোপিয়ান সোশ্যালিস্ট পার্টির এই নেতাকে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সহযোগী তথা ইতালির পার্লামেন্টের সদস্য দেবোরা বারজামিনির তোপ, ভারত ৯৭ কোটি নাগরিককে ভোটদানের সুযোগ দেয়। একজন ইউরোপীয় প্রতিনিধি হয়ে গণতন্ত্র নিয়ে ভারতকে পাঠ দেওয়াটা সঠিক কাজ নয়। মেলোনির ফোরজা ইতায়ালি দলের নেত্রী বারজামিনির বক্তব্য, গণতন্ত্রে যে কেউ নিজের মতো কোনও যুক্তি বা অভিযোগ তুলতেই পারেন। তবে শর্ত হল, তাঁকে সেটি প্রমাণ করতে হবে। আর এ ধরনের পরিস্থিতিতে, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়া মোটেও উচিত নয়। কংগ্রেসের তোলা ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান যেভাবে ইতালীয় নেতার কণ্ঠে প্রতিফলিত হয়েছে, তা নিয়ে মোদি সরকার রীতিমতো ক্ষুব্ধ। শুধু তাই নয়, সম্মেলনের ফাঁকে ফিলিবেক বলেছিলেন, ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা হামলার মুখে পড়েছে। কংগ্রেস ও রাহুল গান্ধীর পক্ষে আন্তর্জাতিক সমর্থনের আবেদনও জানিয়েছিলেন তিনি। এদিন সরকারি সূত্র থেকে জানানো হয়েছে, কনফারেন্স ভিসায় ভারতে এসে হায়দরাবাদের ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন ফিলিবেক। তবে ভিসার ক্যাটিগরি যাই হোক, অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো বিদেশির হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়। এর ফলে ভিসার নিয়ম লঙ্ঘিত হয়।



