Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহার: বৈঠক হয়নি, প্রচারে না গিয়ে কর্মস্থলে মন সিপিআই প্রার্থীর

প্রার্থী ঘোষণা হওয়ার প্রায় এক সপ্তাহ হতে চলল। কিন্তু এখনও বামফ্রন্টের বৈঠক না হওয়ায় শুরু হয়নি বাড়ি বাড়ি প্রচার। কর্মস্থলেই ব্যস্ত ইটাহার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী সুদীপ্ত দাস।

ইটাহার: বৈঠক হয়নি, প্রচারে না গিয়ে কর্মস্থলে মন সিপিআই প্রার্থীর
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিবাকর মজুমদার, ইটাহার: প্রার্থী ঘোষণা হওয়ার প্রায় এক সপ্তাহ হতে চলল। কিন্তু এখনও বামফ্রন্টের বৈঠক না হওয়ায় শুরু হয়নি বাড়ি বাড়ি প্রচার। কর্মস্থলেই ব্যস্ত ইটাহার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী সুদীপ্ত দাস। আপাতত চলছে ছোট ছোট বৈঠক ও ডিজিটাল প্রচার।

Advertisement

ইটাহার বিধানসভায় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট। তৃণমূল বাড়ি বাড়ি প্রচার শুরু না করলেও রবিবার বিকেলে ইটাহার সদর এলাকায় প্রায় এক হাজার কর্মী, সমর্থককে নিয়ে মিছিল করে ভোট প্রচারের সূচনা করেছেন প্রার্থী মোশারফ হোসেন। পাশাপাশি, তৃণমূলের থেকে এক ধাপ এগিয়ে বিজেপি প্রার্থী সবিতা বর্মন জোরকদমে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছেন। আবার প্রার্থী ঘোষণা না হওয়ায় কংগ্রেস কর্মীরা একপ্রকার ঘরবন্দি। অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা। কিন্তু বামেদের প্রার্থী ঘোষণার ছ’দিন কেটে গেলেও এখনও প্রার্থীর সমর্থনে একটিও মিছিল করতে দেখা যায়নি। শুরু হয়নি বাড়ি বাড়ি প্রচার। উল্টে সিপিআই প্রার্থী প্রচার বাদ দিয়ে ব্যস্ত কর্মস্থলে।
এদিন সিপিআই প্রার্থীকে দেখা গেল আর পাঁচটা দিনের মতো ড. মেঘনাদ সাহা কলেজের অফিসে সহকর্মীদের সঙ্গে কাজ করতে। তিনি কলেজের লাইব্রেরি অ্যাটেনডেন্টের কাজ করেন। তাহলে প্রচারের কী হবে? ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে চলছে দলগতভাবে কর্মী বৈঠক ও যুব নেতারা করছেন ডিজিটাল প্রচার। কিন্তু বামফ্রন্টের বৈঠক হয়নি বলে জোরদার প্রচার শুরু করা যায়নি। তাই প্রার্থী এখনও কর্মস্থল থেকে ছুটি নেননি। দলীয় সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর প্রার্থীকে সঙ্গে নিয়ে অলআউট প্রচারে নামবে বামফ্রন্ট। সুদীপ্ত বলেন,  বৈঠক না হওয়ায় বাড়ি বাড়ি প্রচার শুরু করতে পারছি না। বৈঠক হলেই কর্মস্থলে ছুটি নেব। তাই এখন যতটা পারা যায়, কাজ এগিয়ে রাখছি। তবে ডিজিটাল প্রচার করছেন আমাদের নেতা-কর্মীরা। এদিকে বিজেপি প্রার্থী সবিতা খোঁচা দিয়ে বলেন, পরাজয় নিশ্চিত জেনে বাম প্রার্থী প্রচার ছেড়ে নিজের কর্মস্থলেই রয়েছেন।

সম্পর্কিত সংবাদ