অমৃতসর: শিবসেনা নেতার ঘরে ঢুকলেন সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি। বিছানার তলায় লুকিয়ে রাখলেন একটা ছোটো প্যাকেট। ওই ব্যক্তি ঘর থেকে বেরনোর আগেই ঢুকে পড়লেন এক দল উর্দিধারী পুলিশ। পরে সেই বিছানা থেকেই উদ্ধার হল নিষিদ্ধ মাদক। এরপরই গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক তথা পাঞ্জাবের শিবসেনা নেতা মহন্ত কাশ্মীর গিরিকে। কয়েকদিন আগের সেই ঘটনা ঘিরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে আম আদমি পার্টি (আপ) শাসিত পাঞ্জাবে। কারণ, প্রকাশ্যে এসেছে ওই ঘরে থাকা গোপন ক্যামেরার ফুটেজ। আর তাতেই ফাঁস গোটা ঘটনা। জানা গিয়েছে, কাশ্মীর গিরির ঘরে ঢোকা সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তিটি হলেন পাঞ্জাব পুলিশের এএসআই সুখদেব সিং। তাঁর পরিচয় জানা যেতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ভাইরাল ভিডিয়োর জেরে সাসপেন্ড করা হয়েছে সুখদেবকে। খান্নার এসএসপি দর্পন আলুওয়ালিয়া জানিয়েছেন, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মাদক মামলায় অভিযুক্ত কাশ্মীর গিরিকে মুক্ত করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে। এসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এক বিশেষ তদন্তকারী দল (সিট) এই ঘটনার তদন্ত করবে।
কয়েকদিন আগেই কাশ্মীর গিরির ড্রাইভার গুরজন্ত সিং জান্তাকে মাদক মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় সাড়ে ৭ গ্রাম নিষিদ্ধ মাদক। ওই মামলাতেই নাম জড়ায় শিবসেনা নেতার। পরে তাঁর বাড়িতে ওই ‘অভিযানে’ উদ্ধার হয় ৩০ গ্রাম মাদক। গোপন ক্যামেরার এই ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আসতেই ভগবন্ত মান সরকারকে এক হাত নিয়েছেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। এক্স হ্যান্ডলে তাঁর তীব্র কটাক্ষ, ‘আপের আইন-শৃঙ্খলা মডেলে আপনাকে স্বাগত। পাঞ্জাবে বাড়িতেই যাবতীয় পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিল আম আদমি পার্টি। কে জানত, নিরপরাধ মানুষকে ফাঁসাতে তাঁর ঘরে মাদক পৌঁছে দেবে আপ সরকার!’



