Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কাফা নেশনস কাপের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের, সীমিত শক্তি নিয়েও ভালো করা সম্ভব: খালিদ

জাতীয় কোচের পদে প্রথম বড় অ্যাসাইনমেন্ট। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপ রয়েছে। তার মধ্যে ক্লাব রিলিজ না করায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যাবে না।

কাফা নেশনস কাপের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের, সীমিত শক্তি নিয়েও ভালো করা সম্ভব: খালিদ
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় কোচের পদে প্রথম বড় অ্যাসাইনমেন্ট। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপ রয়েছে। তার মধ্যে ক্লাব রিলিজ না করায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যাবে না। তা সত্ত্বেও আসন্ন কাফা নেশনস কাপে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী ভারতীয় কোচ খালিদ জামিল। সোমবার সকালে বেঙ্গালুরুতে ফেডারেশন কর্তাদের সঙ্গে বৈঠক সারেন তিনি। এরপর ফোনে ধরা হলে তিনি জানান, ‘মাত্র দেড় সপ্তাহ আগে জাতীয় দলের দায়িত্ব নিয়েছি। বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবিরে দলকে একটা সুতোয় গাঁথার চেষ্টা চলেছে। ক্লাব রিলিজ না করায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যায়নি। তবে যারা সুযোগ পেয়েছে, প্রত্যেকেই দেশের জার্সিতে সেরাটা উজাড় করে দিতে তৈরি। আমার বিশ্বাস, সীমিত শক্তি নিয়েও সেরাটা মেলে ধরা সম্ভব।’ উল্লেখ্য, আট দলের এই আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে মঙ্গলবারই তাজিকিস্তান রওনা দেবেন সন্দেশ ঝিংগানরা। তার আগে ২৩ জনের চূড়ান্ত দল বেছে নেন কোচ খালিদ।

Advertisement

ক্লাব ফুটবলে একাধিক দলের দায়িত্ব সামলেছেন। মুম্বই এফসি, আইজল, ইস্ট বেঙ্গল, মোহন বাগান, নর্থইস্ট ও জামশেদপুরের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে খালিদ জামিলের। বরাবরই জুনিয়র ফুটবলারদের নিয়ে কাজ করছে পছন্দ করেন তিনি। তবে বড় মঞ্চে ভালো ফলের জন্য অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। তাই আসন্ন কাফা নেশনস কাপের জন্য জুনিয়র ও সিনিয়র ফুটবলারদের সংমিশ্রণে দলে বেছে নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে খালিদের মন্তব্য, ‘সন্দেশ, গুরপ্রীত, আনোয়াররা দীর্ঘদিন জাতীয় দলের হয়ে পারফর্ম করছে। তাই ওদের উপস্থিতি অবশ্যই দলের শক্তি বাড়াবে। তবে একইসঙ্গে তরুণ ফুটবলারদের উপর ভরসা রাখতে হবে।’
আগামী ২৯ আগস্ট গ্রুপের প্রথম ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে ভারত। দু’দিন বাদে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইরান। আর ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নামবে খালিদ-ব্রিগেড। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আগে এই তিনটি ম্যাচ অনেকটাই কার্যকরী হবে বলেই মত ভারতীয় কোচের। খালিদের সংযোজন, ‘এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান। তাই তাদের বিরুদ্ধে খেলাটা সবসময় চ্যালেঞ্জিং। তবে বাকি দু’টি ম্যাচও সহজ হবে না। তাই সতর্ক থাকতে হবে। এই টুর্নামেন্ট থেকে আমরা নিজেদের শক্তি ও দুর্বলতা সম্পর্কেও স্বচ্ছ ধারণা পাব, যা আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে।’
কাফা নেশনস কাপের জন্য ঘোষিত দল: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ঋত্বিক তিওয়ারি, রাহুল ভেকে, নাওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিংগান, চিঙ্গেলসানা সিং, ভালপুইয়া, মহম্মদ উভাইস, নিখিল প্রভু, সুরেশ সিং, দানিশ ফারুক, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ন, উদান্তা সিং, নাওরেম মহেশ সিং, ইরফান ইয়াদাত, মনবীর সিং (জুনিয়র), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে ও বিক্রম প্রতাপ সিং।

Advertisement
সম্পর্কিত সংবাদ