নয়াদিল্লি: ভোট ফুটেজ সংরক্ষণ নিয়ে ইতিমধ্যেই নীতি বদল করেছে নির্বাচন কমিশন। এবার কমিশন জানাল ভোট গ্রহণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা যাবে না। এজন্য কমিশন গোপণীয়তা ও সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ উল্লেখ করেছে। মহারাষ্ট্রে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে লুকনোর কিছু না থাকলে বিকাল পাঁচটার পর ভোটদানের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হচ্ছে না কেন? সম্প্রতি এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর জবাবে কমিশন বলেছে, ভোটগ্রহণ প্রক্রিয়ার ফুটেজ আইনি ও গোপণীয়তার কারণে দেওয়া সম্ভব নয়। এতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হবে। লঙ্ঘন করা হবে জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা। গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ী হয় বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। বিরোধীদের অভিযোগ, কারচুপি করে ভোটে জেতানো হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোটকে। রাহুল এব্যাপারে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন। ভোটার তালিকা ও বিকাল পাঁচটা ভোটগ্রহণ শেষের পর ভোটদানের হারে অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এজন্য বিকেল পাঁচটার পর ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছিলেন রায়বেরিলির কংগ্রেস সাংসদ। তাঁর সেই দাবি নাকচ করে দিল কমিশন।



