Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কসবা কাণ্ডের জের: কলেজে মদ্যপান, পার্টির খবর পুলিসকে জানানো বাধ্যতামূলক, থানা পর্যায়ে এসওপি জারি লালবাজারের

কসবা ল’ কলেজ কাণ্ডে সেখানকারই একজন চুক্তিভিত্তিক কর্মী, দু’জন ছাত্র এবং একজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিস। খাস কলকাতায় ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা থেকে শিক্ষা নিল লালবাজার।

কসবা কাণ্ডের জের: কলেজে মদ্যপান, পার্টির খবর পুলিসকে জানানো বাধ্যতামূলক, থানা পর্যায়ে এসওপি জারি লালবাজারের
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা ল’ কলেজ কাণ্ডে সেখানকারই একজন চুক্তিভিত্তিক কর্মী, দু’জন ছাত্র এবং একজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিস। খাস কলকাতায় ঘটে যাওয়া এই নারকীয় ঘটনা থেকে শিক্ষা নিল লালবাজার। মঙ্গলবার কলকাতা পুলিসের সদর দপ্তর থেকে প্রতিটি থানাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করা হয়েছে। সূত্রের খবর, শহরের সব কলেজের নিরাপত্তার স্বার্থে এটি জারি করেছেন পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। সাতদফা এসওপিতে বলা হয়েছে, কলেজের নির্ধারিত সময়ের পরে যাতে কেউই প্রতিষ্ঠানের ভিতরে না-থাকেন, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। এছাড়া কলেজে মদ্যপান বা পার্টি চললে, কর্তৃপক্ষকেই তা স্থানীয় থানার নজরে দ্রুত আনতে হবে। রাত হলেও ঘটনাস্থলে পৌঁছে যাবেন থানার নির্ধারিত অফিসার। 
এসওপিতে বলা হয়েছে, প্রতিটি থানা এলাকায় কতগুলি কলেজ রয়েছে, তার একটি তালিকা চাই। কলেজগুলিতে নিয়মিত অভিযান চালাবে থানা। সপ্তাহে দু’দিন করে কলেজে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন উর্দিধারীরা। সব কলেজের নিরাপত্তারক্ষীর কাছে স্থানীয় থানার কোনও এক নির্দিষ্ট অফিসারের ফোন নম্বর দেওয়া হবে। কলেজে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই থানার সেই আধিকারিককে তা জানানো বাধ্যতামূলক। মাঝে মধ্যে থানার তরফে নিরাপত্তা বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে। কলেজ প্রাঙ্গণের ভিতরে কোনও অপরাধ ঘটালে কী কী ধারায় মামলা হতে পারে সে সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে পড়ুয়াদের। এমনকী, সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে কী শাস্তি রয়েছে, তারও পাঠ দেবেন থানার অফিসাররা। একইসঙ্গে, কলেজের ক’টি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং সেগুলির সব চালু রয়েছে কি না, তাও কর্তৃপক্ষকে প্রতিসপ্তাহে থানায় রিপোর্ট করতে হবে। কলেজ থেকে তার আপডেট নিতে হবে পুলিসকেও। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ